
আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরে উৎপন্ন প্রলয়ঙ্করী হারিকেন ইরমা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালানোর পর এবার আঘাত হেনেছে টার্কস এন্ড কাইকোস দ্বীপপুঞ্জে। ইরমার আঘাতে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ক্যাটাগরি ৫ মাত্রার চরম শক্তিশালী ঝড়টি কিউবা হয়ে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে। এর আগে,গতকাল বৃহস্পতিবার ঝড়টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বারবুডায় আছড়ে পড়ে। স্থানীয় আবহাওয়া দফতর জানায়,২৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এই ঘূর্ণিঝড় ডমিনিকান রিপাবলিকের উত্তর-পূর্ব থেকে টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন,ঝড়ে বারবুডা দ্বীপপুঞ্জের ৯৫ শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে গতকাল বৃহস্পতিবার। ছোট্ট এই দ্বীপটিতে ১৬শ’মানুষের বাস। আকাশপথে বারবুডা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী জানান,দ্বীপটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের ৫০ শতাংশই গৃহহীন হয়ে পড়েছে। ভয়াবহ ক্ষতিগ্রস্ত সেন্ট মার্টিন দ্বীপেও মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের।
গত রবিবারের মধ্যে ইরমা ফ্লোরিডায় আঘাত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আগেভাগেই খালি করা হচ্ছে রিসোর্টগুলি। নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যাচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু বিমান পরিবহণ সেবা। ফ্লোরিডা থেকে যারা চলে যেতে চান,তাদের জন্য আমেরিকান এয়ারলাইন্স ৯৯ ডলারের বিশেষ টিকিটের ব্যবস্থা করেছে। অঙ্গরাজ্য জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। জাতিসংঘ জানিয়েছে,ভয়াবহ (ক্যাটেগরি ফাইভ) এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন সাড়ে তিন কোটি মানুষ।