
আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে জঙ্গিবাদ ইস্যুতে ভারতের সুরে গলা মেলাল চীন । দীর্ঘদিন লস্করসহ শীর্ষ কয়েকটি জঙ্গি সংগঠনের ব্যাপারে চীন মুখে কুলুপ একে থাকলেও এবার অনেকটা বাধ্য হয়েই মুখ খুলল চীন। সম্প্রতি দেশটির রাজধানী বেজিং এ অনুষ্ঠিত ব্রিকস এর শীর্ষ সন্মেলনে অংশীদার ভারতকে পাশে নিয়ে দীর্ঘদিনের নিরবতা ভেঙ্গে এসব পাক জ্ঙ্গী সংগঠন গুলোর বিরুদ্ধে আকস্মিকভাবে সরব হল চীন আর চীনের এই মতামত প্রকাশ্য আসতেই পাকিস্তানও সরব হল এই ইস্যুতে । যদিও দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতায় বেশ বাজেভাবে ধুকছে পাকিস্তান। সেদেশের মাটিতে শক্তভাবেই জেকে বসেছে জঙ্গিবাদ, আর দেরিতে হলেও বাধ্য হয়েই অবশেষে তা স্বীকার করে নিলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। অনেকটা খোলাখুলিভাবেই পাক স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মুহম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্তর্জাতিক স্তরে অস্বস্তি এড়ানো সম্ভব নয়।
সূত্রে জানা গেছে, আর্থনৈতিক জোট ব্রিকসের বৈঠকে ভারতের সঙ্গে গলা মিলিয়ে চীনও পাক মদদপুষ্ট জঙ্গি সংগঠগুলির নিন্দা করায় অস্বস্তি আরো বেড়েছে পাকিস্তানের। এরই মধ্যে আজ শুক্রবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ। কয়েক সপ্তাহ ধরেই সন্ত্রাসের প্রশ্নে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে পাকিস্তান । গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি গোষ্ঠীগুলির প্রতি ইসলামাবাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এর পরেই মুখরক্ষা করতে পাকিস্তানে যে জঙ্গিরা সক্রিয় রয়েছে, তা মেনে নিয়েই আসিফ বলেন, ‘পাকিস্তানের মাটিতে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মুহম্মদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগে আমাদের নিজের ঘর পরিস্কার করতে হবে। আন্তর্জাতিক স্তরে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। আন্তর্জাতিক মহলে যারা আমাদের বন্ধু, তাদের বোঝাতে হবে আমরা আমাদের ঘরটাকে আগের থেকে ভালো জায়গায় নিয়ে এসেছি ।’