
আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু বোমা ও মিসাইলের বিস্তারে উত্তর কোরিয়া আর পাকিস্তানের মধ্যে এক নিবিড় গোপন সম্পর্ক রয়েছে। আর এ সকল কাজে প্রকাশ্য ও অপ্রকাশ্য মদদ দিয়ে চলেছে চীন, এমনটাই মনে করছেন ভারতের বিশেষজ্ঞরা। ভারতের বিশেষজ্ঞদের মতে, চীন চাইলেই উত্তর কোরিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারত। কিন্তু ইসলামাবাদ আর পিয়ংইয়ং উভয়ের পরমাণু অস্ত্র বিস্তারের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াতে চাইছে না বেইজিং। ভারতের আশঙ্কার বিষয় হলো, উত্তর কোরিয়ার এইসব সফল অস্ত্র পরীক্ষায় পরোক্ষে লাভবান হচ্ছে পাকিস্তান ।
শুধু উত্তর কোরিয়াই নয়, পরমাণু অস্ত্র ক্রমশ বাড়িয়ে চলেছে পাকিস্তান। এমনকি ওয়ারহেডের সংখ্যায় ভারতকেও ছাপিয়ে গেছে তারা। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই ২২০০ কিলোমিটার রেঞ্জের ‘আবাবিল’ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে পাকিস্তান, যাতে রয়েছে এমআইআরভি অর্থাৎ যা নাকি একটি মিসাইলেই একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও ভারতের অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইলেও এই ক্ষমতা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জাপান সফরে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অরুণ জেটলি উত্তর কোরিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন । বিশেষ করে জাপান এই ব্যাপারে আরও বেশি চিন্তিত। তবে ভারতের চিন্তার বিষয় উত্তর কোরিয়া নয়, পাকিস্তান। জানা যায়, বেইজিং-ই প্রথম পাকিস্তানকে গোপনে ইউরেনিয়াম ডিভাইসের ডিজাইন দিয়েছিল। এছাড়া এক গোপন চুক্তিতে পাকিস্তান উত্তর কোরিয়াকে দিয়েছিল পরমাণু অস্ত্রের প্রযুক্তি আর বদলে পিয়ংইয়ং ইসলামাবাদের হাতে মিসাইল প্রযুক্তি তুলে দেয় বলেও জানা গেছে। যেমন, পাকিস্তানের ১৫০০ কিলোমিটারের ‘ঘৌরি-আই’ মিসাইল আসলে উত্তর কোরিয়ার ‘নদং’ মিসাইলের ধাঁচেই তৈরি ।