News71.com
 International
 31 Aug 17, 08:27 AM
 209           
 0
 31 Aug 17, 08:27 AM

বসনিয়ার শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশীদের ভূমিকা ভুলবে না বিহাচবাসী ।। প্রধানমন্ত্রী হুসেন রসিচ

বসনিয়ার শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশীদের ভূমিকা ভুলবে না বিহাচবাসী ।। প্রধানমন্ত্রী হুসেন রসিচ


আন্তর্জাতিক ডেস্কঃ বসনিয়ার দুর্দিনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান কখনো ভুলবে না বিহাচবাসী। এ কথা বলেছেন বসনিয়ার বিহাচ প্রদেশের প্রধানমন্ত্রী হুসেন রসিচ। নেদারল্যান্ডস এবং বসনিয়ায় (অনাবাসিক) নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালকে এ কথা বলেছেন তিনি। হুসেন রসিচের আমন্ত্রণে শেখ মুহম্মদ বেলাল বর্তমানে তিন দিনের সরকারি সফরে বিহাচে অবস্থান করছেন। শেখ মুহম্মদ বেলাল গতকাল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। হুসেন রসিচ ১৯৯৪-৯৫ সালে বসনিয়ায় যুদ্ধ চলাকালে সার্বিয়ান বাহিনী পরিবেষ্টিত বসনিয়ার ছিটমহল বিহাচে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সেনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যদের একটি প্রতিনিধি দলকে বিহাচে আমন্ত্রণ জানান। এ ছাড়া তৎকালীন বসনিয়ান কমান্ডার মিরসাদ সালমানোভিচ জানান,যুদ্ধকালে বাংলাদেশের শান্তিরক্ষীরাই ছিল বহির্বিশ্বের সঙ্গে যোগযোগের জন্য বসনিয়ানদের অন্যতম অবলম্বন।

তারা যুদ্ধকালে একসঙ্গে কাজ করা বাংলাদেশের শান্তিরক্ষী ও বসনিয়ান যোদ্ধাদের মধ্যে আরও বেশি আদান-প্রদান নিশ্চিত করতে তাদের আগ্রহের কথা জানান এবং শান্তিরক্ষীদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। শেখ মুহম্মদ বেলাল হুসেন রসিচের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধারাবাহিক উন্নয়নের একটি চিত্র তুলে ধরেন এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে বসনিয়াকেও এগিয়ে আসার আমন্ত্রণ জানান। বিশেষ করে তৈরি পোশাক, আসবাব-পত্র, পর্যটন, শিক্ষা, প্রভৃতি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হুসেন রসিচ বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কথা আগ্রহ সহকারে শোনেন এবং একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। তিনি দুই দেশের ইতিহাস ও ধর্মীয় মিলকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। শেখ মুহম্মদ বেলাল বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের শান্তিরক্ষীরা কীভাবে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তার একটি বর্ণনা দেন। তিনি আরও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্ব নয় মাস ব্যাপী যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। সাক্ষাৎ শেষে বিহাচের ভেটেরান বিষয়ক মন্ত্রী জেভাদ মালকচ শেখ মুহম্মদ বেলালকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন। সাক্ষাৎকালে শেখ মুহম্মদ বেলালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ড. দিলরুবা নাসরিন ও দূতাবাসের কর্মকর্তা গৌতম চন্দ্র সাহা। উল্লেখ্য,যুদ্ধবিধ্বস্ত বিহাচের পুনর্গঠনের কাজ এখনো চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন