
আন্তর্জাতিক ডেস্কঃ সেলফির ফাঁদে পড়ে প্রাণহানির ঘটনায় দুনিয়ায় সবার আগে ভারত। এই লজ্জার পরিসংখ্যান বুঝিয়ে দেয় ছবি তোলার জন্য আমরা কতটা কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ি। ভরতের খড়গপুর আইআইটির এক অধ্যাপকও এবার সেলফির বলি হলেন। নৌবিদ্যা এবং সমুদ্র বিজ্ঞানের অধ্যাপক জয়দীপ ভট্টাচার্য ছেলেকে নিয়ে সেলফি তুলতে চেয়েছিলেন। পা সরে গিয়ে খাদে পড়ে যান তিনি। পুলিশ জানিয়েছে,সেলফি তুলতে গিয়ে মারা যান অধ্যাপক। ছুটির দিনে ছেলে-মেয়েকে নিয়ে গ্রামীণ এলাকায় বেড়াতে গিয়েছিলেন জয়দীপ ভট্টাচার্য। ঘটনার দিন সকাল ১০টা নাগাদ আইআইটির বি-২২৭ এর আবাসনে থেকে বেড়িয়ে যান। গন্তব্য ঘোলঘেরিয়া। ওই এলাকার আশেপাশে প্রচুর মোরাম এবং খাদ রয়েছে। বর্ষা হওয়ায় সেখানে পনিতে টইটুম্বুর হয়েছিল। ৪ বছরের ছেলে উড়ান এবং ২ বছরের মেয়ে শিরিনকে সেই প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছিলেন অধ্যাপক ভট্টাচার্য। এই সময় তাঁর ছবি তোলার ইচ্ছে হয়েছিল।
সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে যান জয়দীপবাবু এবং তাঁর ছেলে উড়ান। এই সময় কয়েকজন নারী জমিতে কাজ করছিলেন। তারাই চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। তাদের সহযোগিতায় চার বছরের শিশুপুত্রকে খাদ থেকে তোলা গেলেও অধ্যাপককে উদ্ধার করা যায়নি। পরে খড়গপুর থানা পুলিশ যখন জয়দীপকে উদ্ধার করে তখন তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ওই অধ্যাপককে মৃত বলে ঘোষণা করা হয়। আইআইটি খড়গপুর সূত্রে জানা গিয়েছে,ওই অধ্যাপক ছুটির দিনে নিয়মিত ছেলে-মেয়েকে নিয়ে বাইরে বেড়াতে যেতেন। ঘোলঘেরিয়ার কাছে প্রাকৃতিক পরিবেশে একটি বাড়িও বানিয়েছিলেন জয়দীপবাবু। এদিন প্রথমে তিনি সেই বাড়িতে যান। এরপর সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তারপরই এই বিপত্তি ঘটে।