
নিউজ ডেস্কঃ প্রলয়ঙ্করী টাইফুন 'হাতো'র আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে হংকং। বুধবার এই ঘূর্ণিঝড়ের আঘাতে হংকং শহর ও ম্যাকাওয়ের মধ্যবর্তী পার্ল নদীর মোহনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দু'জন নিখোঁজ ও অন্তত ৩৪ জন আহত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে হংকংয়ের অফিস-আদালত, শপিংমল ও শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে অন্তত ৪৫০টি ফ্লাইট। বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। ম্যাকাও সরকারি তথ্য ব্যুরোর বরাত দিয়ে গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
বুধবার সকালে হংকংয়ে ৬০ কিলোমিটার বেগে এ তাইফুন আঘাত হানে ও চীনের মূল ভূখন্ডের দিকে অগ্রসর হওয়ার আগেই দুর্বল হয়ে পড়ে। হাতো আঘাত হানার সময় প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টির কবলে পড়ে ৩০, ৪৫ এ ৬২ বছর বয়সী তিন জনের মৃত্যু হয়। এ সময় অনেক গাছপালা উপড়ে যায়। রাস্তা থেকে দ্রুত মানুষজন সরে যেতে থাকে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, টাইফুনের প্রভাবে বিভিন্ন সড়কে গাড়িগুলো অর্ধেক ডুবে যায়। পানি জমে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা উপড়ে যায়। উপকূলে সমুদ্রের জলোচ্ছাসের আঘাতে বহু রাস্তা বিপর্যস্ত হয়। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে অনেক নিচু এলাকাও।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ঘূর্ণিঝড়ের আগে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। বাতিল করা হয় ট্রেন সার্ভিস। চার হাজারের বেশি জেলে ও তাদের পরিবারকে উপকূল থেকে নিয়ে আসা হয়। এদিকে ঘূর্ণিঝড়ের প্রবাভে ম্যাকো থেকে ৪০ মাইল পর্যন্ত বন্যার পানি ঢুকে পড়লেও ওইসব এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ ঘূর্ণিঝড়ের কারণে হংকংয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়। এটি চীনে ৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।