
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন একটি রহস্যময় মহাকাশযান অজ্ঞাত মিশনে দীর্ঘদিন পৃথিবীকে প্রদক্ষিণ করে। কিছুদিন আগেই মহাকাশে একটানা ৭১৮ দিনের মিশন সম্পন্ন করে পৃথিবীতে ফিরেছিল এক্স-৩৭বি নামে রহস্যময় মার্কিন সেই মহাকাশযান। কয়েকমাস বিশ্রাম নেয়ার পর আবার আগামী সেপ্টেম্বরে মহাকাশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে এটি। মহাকাশে এক্স-৩৭বি ঠিক কী কাজ করছে,এ বিষয়টি একেবারেই গোপন রেখেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ব্যাপক গোপনীয়তা এবং রহস্যের মধ্যেই এর কাজ করছে মার্কিন বিমান বাহিনী।
মার্কিন বিমান বাহিনীর এক্স-৩৭বি মহাকাশযানটি দুই বছর ধরে গোপন মিশনে ছিল। এটি মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। গত দুই বছর ধরে এ মহাকাশযানটি কক্ষপথে কী করছিল সেটি কেউ জানেনা। একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে। মার্কিন বিমান বাহিনী যেসব গোপন মিশন পরিচালনা করে এ মহাকাশ যানটি তারই অংশ ছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে এ মহাকাশযানটি ঝুঁকি কমানোর কাজ করছিল। কিন্তু এর বিস্তারিত কোনো কিছু আর জানানো হয়নি। এ প্রকল্পকে কেন্দ্র করে যেহেতু চরম গোপনীয়তা বজায় রাখা হওায় নানা গুজবও ছড়িয়ে পড়েছে।
অনেকে ধারণা করছেন,মহাকাশকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। কিন্তু মার্কিন বিমান বাহিনী এ ধরনের গুঞ্জনকে খারিজ করে দিয়ে বলছে,ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তিকে নির্ভুল করার জন্য তথ্য সংগ্রহ করছে এ মহাকাশযানটি। এ প্রকল্পের জন্য কত ডলার খরচ করা হয়েছে সে বিষয়টিও গোপন রাখা হয়েছে। ২০১০ সালে প্রথমবারের মতো এ বিশেষ মহাকাশযানটি উড্ডয়ন করা হয়েছিল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বা নাসা মহাকাশে যেসব যান পাঠায় সেগুলোর আকৃতির তুলনায় এ বিশেষ মহাকাশযানটি এক-চতুর্থাংশ। এটির দৈর্ঘ্য মাত্র ২৯ ফুট।
শেষবার এক্স-৩৭বি মহাকাশযানটি অবতরণ করে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে। সর্বশেষ মিশনে ২০১৫ সালের ২০ মে পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় মার্কিন বিমান বাহিনীর এক্স-৩৭বি মহাকাশাযানটি। এরপর থেকে তা একটানা ৭১৮ দিন অতিবাহিত করে। এতে কোনো মানুষ নেই। সম্পূর্ণ দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পৃথিবী থেকে এটি নিয়ন্ত্রণ করা হয়। নাসা ১৯৯৯ সালে প্রথম এক্স-৩৭ তৈরি করেছিল। মহাকাশ খেয়া হিসেবে একে তৈরি করা হয়। প্রয়োজনে কক্ষপথে স্থাপন করা যাবে এবং কাজ শেষে পৃথিবীতে ফিরে আসবে অর্থাৎ বারবার ব্যবহারের উপযোগী করে একে বানানো হয়।