
আন্তর্জাতিক ডেস্ক : সাম্রাজ্যবাদী ইংরেজ ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫ বছর পূর্তি দিবস ছিল বুধবার। সেই আন্দোলনের অন্যতম পীঠস্থান মেদিনীপুর শহর। সেই শহরের ঐতিহাসিক কলেজিয়েট স্কুল মাঠে এদিন দলের সভামঞ্চ থেকে স্বাধীনতা সংগ্রামের সেই অধ্যায়ের বীর সেনানীদের স্মরণ আর শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শত শত শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন, বিপন্ন মানুষের অধিকার, আর যাদের জন্য বিপন্ন এই স্বাধীনতা, সেই বিজেপি ভারত ছাড়ো, সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো! গেরুয়া শিবিরকে ভারত ছাড়া করার এহেন পণ এবং তা বাস্তবায়নে সমস্ত বিরোধী দলকে একজোট করার কাজও যে তিনি শুরু করেছেন, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা। কোনও পদের জন্য নয়, শুধুমাত্র গেরুয়া বাহিনীকে ভারত ছাড়া করার চেষ্টাতেই যে তাঁর এই প্রয়াস, সেই বিষয়ে এদিন বার্তা দিয়েছেন তিনি। মহাজোট গড়ার সেই প্রয়াসকে আরও জোরদার করতেই আজ, বৃহস্পতিবার মমতার দিল্লি যাত্রা।
ভিড় উপচে পড়া সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বললেন, সমস্ত বিরোধী দল যাতে একজোট হয়, তার জন্য কাজ করে যাব। ক্ষমতা চাই না, পদের জন্যেও লালায়িত নই। ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, তাকে ফেরাতে চাই। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের চাবুক চলছে, এর শেষ দেখে ছাড়ব! বিরোধী জোটকে একজোট করার এই পর্বে রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে গুজরাতে যে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি, এদিন তাও উল্লেখ ছিল মমতার ভাষণে। তাঁর কথায়, গুজরাত দেখেছেন! সারারাত ধরে গণতন্ত্রের সঙ্গে একনায়কতন্ত্রের লড়াই হয়েছে! আমরা খুশি, শেষ পর্যন্ত গণতন্ত্রেরই জয় হয়েছে! সভায় এই প্রসঙ্গ উত্থাপনের আগে এদিন সকালে ট্যুইট করে রাজ্যসভার ভোটে গুজরাতের বিজয়ী কংগ্রেস প্রার্থী আহমেদ প্যাটেলকে অভিনন্দনও জানান তিনি।
মমতার অভিযোগ, আজ যারা দিল্লিতে ক্ষমতায়, তারা দেশকে ভাগ করতে চাইছে! দেব না ভাগ করতে দেশকে। অখণ্ডতা রক্ষার জন্য তাঁর লড়াই যে চলবেই, তাও স্পষ্ট করেন মমতা। তাঁর অভিযোগ, মানুষে মানুষে ভাগাভাগি করা হচ্ছে। হিন্দুদের মধ্যে, তফসিলি জাতির সঙ্গে উপজাতি এমনকী মুসলমানদের মধ্যে ভাগ করার মরিয়া চেষ্টা চলছে। মেরুকরণের সরকার! একইসঙ্গে চলছে বাংলাকে ভাগ করার খেলাও। ভাগাভাগির এ খেলা আর চলবে না! এরপর নাম না করে গেরুয়া শিবিরকে বিঁধলেন ছন্দের কটাক্ষে। মুখ্যমন্ত্রী আওড়ালেন— চলবে না অন্যায়, চলবে না ফন্দি! মানুষের আদালতে হবেই বন্দি! করতালির সিংহগর্জনে সায় দেয় গোটা সভাস্থল। দেশজুড়ে বিজেপির এই দাপাদাপিকে একনায়কতন্ত্র বলে আখ্যা দিয়েছেন মমতা।
তৃণমুল নেত্রী আরও বলেছেন, অনেকেই ভয় পাচ্ছে ওদের বিরুদ্ধে বলতে! আমাদের মতো দু’-একটা দল রয়েছে, যারা প্রতিবাদ করছে। আমরা বিরুদ্ধে বলছি, তাই কখনও ইডি, কখনও ইনকাম ট্যাক্স আবার কখনও সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে! আবার জেলেও পোরা হচ্ছে! মুখ্যমন্ত্রীর দাবি, দিল্লির সরকার এখন আর ‘বাই দি পিপল, ফর দি পিপল এবং অব দি পিপল’ নেই! ওরা এখন নানা সেন্ট্রাল এজেন্সির সরকার! বাই, ফর আর অব সবই এজেন্সির। একইসঙ্গে তাঁর হুংকার, এ বাংলা দুর্জয় ঘাঁটি! এ বাংলা ভয় পায় না! এ বাংলা মাথানত করে না! যতই ঝড় আর টর্নেডো আসুক না কেন! কবির লেখা এবার তাঁর কথায়— দিতে হয়, দেব তবে এক নদী রক্ত....! তবুও পিছু হটব না!
বিরোধী নেত্রী হিসাবে বিজেপি বিরোধী আন্দোলনের পুরোধা হিসাবে তাঁর ভূমিকা যে আরও জোরদার হবে, তা স্পষ্ট করার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেও যথাযথ সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সরকার (পড়ুন কেন্দ্র) ভালো কাজ করলে ভালো বলব। খারাপ কাজ করলে নিন্দা করব। লড়াইটা আদর্শের, নীতির আর চিন্তনের। কারও সঙ্গে ব্যক্তিগত কোনও বিবাদ নেই। সৌজন্যের এই বার্তা দেওয়ার সঙ্গেই মমতার হুঁশিয়ারি, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এসব চলবে না। প্রতিবাদ জানাতে ৩১ আগস্ট রাঁচিতে যাচ্ছি। তার আগে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ডাকা সভায় অংশ নিতে আগামী ২৭ আগস্ট তিনি যে পাটনাতেও যাবেন, তাও জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিনের সভায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যসভার নবনির্বাচিত সদস্য মানস ভুঁইঞার মতোই বক্তৃতা করেন দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ও। তাঁকে ঘিরে নানা রাজনৈতিক জল্পনাকে যেন ফুৎকারে উড়িয়ে দিলেন তিনি। বললেন, ২০১৯-এ দিল্লিতে যে সরকার গঠিত হবে, তার নিয়ন্ত্রক হবেন মমতা ব্যানার্জি, আর কেউ নন!