
আন্তর্জাতিক ডেস্কঃ ডোকলাম থেকে ভারতীয় সেনা হটাতে যেকোন মুহূর্তে চীন অপারেশন চালাতে পারে। তবে ভারত-চীন সমস্যায়,চীন নেপালকে পাশে পেতে চাইলেও,নেপাল তার অবস্থান স্পষ্ট করে দিয়ে জানায়,নেপাল কোন দেশের পক্ষেই নেই। সম্প্রতি নেপালের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মহারা জানিয়েছেন,ভারত-চীন তাদের সমস্যা সমাধানে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করুক। নেপাল কোন দলেই পক্ষে নেই। কৃষ্ণ বাহাদুর মহারা আরো জানিয়েছেন,নেপাল চায় না তাকে এই ইস্যুতে জড়িত করা হোক।
খবরে নেপালকে টেনে আনা হলেও,নেপাল যে এই বিষয়ের সঙ্গে যুক্ত নয় তা স্পষ্ট করে তিনি জানান,প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ২৩ অগাস্ট থেকে ২৭ অগাস্টের মধ্যে ভারত সফরে যাবেন। তারই প্রস্তুতি চলছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে ওয়াং-ইয়াং ১৪ অগাস্ট নেপাল সফরে আসবেন বলে জানান তিনি। এদিকে চীনের দাবি,ভারত তাদের থেকে অনেক বেশি শক্তিশালী একটি দেশের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছে। যার একমাত্র ফলাফল যুদ্ধ হতে পারে বলেই উল্লেখ করা হয়েছে। ভারতের এমন আচরণে চীনারা রীতিমত হতবাক বলেও দাবি করা হয়েছে।
চীনের প্রতি কঠোর হয়ে মোদি যে আসলে বিপদ ডেকে আনছেন,তেমনটাই মত চীনের। এইভাবে আঞ্চলিক শান্তি নষ্ট করা হচ্ছে ও দেশের মানুষের শান্তি নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে,মোদি সরকার যদি পিছিয়ে না যায়, তাহলে তারা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেবে,যা নিয়ন্ত্রণ করতে পারবেন না মোদি। উল্লেখ্য,গত ১৬ জুন থেকে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডোকলামে চীনা সেনাকে রাস্তা তৈরিতে বাধা দেয় ভারত। তারপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয়ে যায় উত্তেজনা। ভারতের দাবি,ডোকলাম সীমান্ত অঞ্চলটি তাদের দেশের অর্ন্তগত। কিন্তু চীনের দাবি,১৮৯০ এর ব্রিটিশ ও চীনের এক চুক্তি অনুযায়ী ওই অঞ্চলটি তাদের।