
আন্তর্জাতিক ডেস্ক : পাক অনুপ্রবেশ ঠেকাতে এবার ভারত-পাকিস্তান সীমান্তে তৈরি করা হয়ে ভার্চুয়াল ফেন্সিং। জঙ্গি অনুপ্রবেশ আটকাতে এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় একথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু এদিন জানিয়েছেন. ‘এই ভার্চুয়াল ফেন্সিং তৈরি করতে একটি পাইলট প্রজেক্ট নিয়েছে কেন্দ্র। লোকসভায় প্রতিমন্ত্রী আরও জানান, এই প্রজেক্টের নাম Comprehensive Integrated Border Management Solution (CIBMS). সেই প্রাচীরে থাকবে বিভিন্ন ধরেনর সেন্সর, রাডার, নাইট ভিশন ক্যামেরা ইত্যাদি। যাতে কোনওভাবেই অনুপ্রবেশ করতে না পারে জঙ্গিরা। প্রথমে জম্মু সেক্টরে ছ’কিলোমিটার জুড়ে তৈরি হবে ওই প্রাচীর। এটা সফল হলে ভারত-পাক সীমান্ত জুড়ে বসানো হবে এই অদৃশ্য প্রাচীর।
পাকিস্তান সীমান্ত কাঁটাতারের বেড়ার উপর আর ভরসা করা যাচ্ছে না। এর আগে জানা গিয়েছিল, নয়াদিল্লি একটি ডিফেন্স ফার্ম CRON Systems এক বিশেষ প্রযুক্তি উদ্ভাবন করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘কবচ’। বর্তমানে যে প্রাচীর রয়েছে তার থেকেও একটু বেশি উঁচু হবে এই লেজার ওয়াল। এর আগে যে লেজার ওয়াল ছিল, বিম থাকায় সেটা সহজেই চোখে পড়ত। কিন্তু এবার তৈরি হবে অদৃশ্য প্রাচীর। যা চোখে দেখা যাবে না, অনুভব করাও যাবে না এবং শত্রুদের চিহ্নিত করবে আরও সহজেই। এমনটাই জানিয়েছিলেন, বিএসএফের জম্মু ফ্রন্টিয়ারের ইন্সপেকটর জেনারেল রাকেশ শর্মা। ইনফ্রারেডের উপর ভিত্তি করে এই বিশেষ সিস্টেম বানাচ্ছে CRON Systems. ভারত-পাক সীমান্তে ১৩টি নদী রয়েছে ও অনেক প্রাচীরবিহীন ঝোপঝাড় যুক্ত অংশ রয়েছে। সেই জায়গাগুলিতে অনুপ্রবেশ রুখতেই এই লেজার ওয়াল তেরি করা হয়েছে। এমনকি স্বচ্ছ জলেও কাজ করবে এই প্রাচীর।
ভারতের সঙ্গে পাকিস্তানের ৩০০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৯৮ কিলোমিটার আন্তর্জাতিক সীমারেখা ও ৭৪০ কিলোমিটার লাইন অফ কন্ট্রোল রয়েছে কাশ্মীরে। এই অঞ্চলে অনুপ্রবেশ রুখতে একাধিকবার বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মাত্র ১ ঘণ্টার মধ্যে এক কিলোমিটার এলাকায় এই লেজার ওয়াল মোতায়েন করা যাবে। তবে এই প্রযুক্তির জন্য ইলেকট্রিসিটি প্রয়োজন। বর্তমানে সাম্বা সেক্টরে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইজরায়েলের এয়ার ফোর্সের প্রাক্তন জওয়ানও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন।