
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী চার দশকে বিশ্বে অন্ধ মানুষের সংখ্যা বেড়ে তিনগুণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। সংবাদ পত্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকাই অন্ধের সংখ্যা বাড়ার পেছনে মুল কারণ। স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানসেট গ্লোবাল হেলথে প্রকাশিত এক নিবন্ধে গবেষকরা বলছেন,গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে চোখের চিকিৎসার উন্নতি ঘটাতে না পারলে অন্ধ মানুষের সংখ্যা এখনকার ৩ কোটি ৬০ লাখ থেকে বেড়ে ২০৫০ সাল নাগাদ সাড়ে ১১ কোটিতে গিয়ে দাঁড়াতে পারে। আগামীতে দৃষ্টি প্রতিবন্ধিতায় আক্রান্ত মানুষের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা তাদের।
প্রতিবেদনে আরো বলা হয়,অন্ধত্বের হার ও চোখের সমস্যা সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়া ও সাব সাহারান আফ্রিকায়। বিশ্বের মোট জনসংখ্যার অনুপাতে চোখের জটিলতায় আক্রান্ত মানুষের সংখ্যা কমে এলেও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণদের সংখ্যা বাড়ায় সমস্যার ব্যাপকতা বাড়ছে। এ ব্যাপারে প্রকাশিত নিবন্ধের প্রধান লেখক অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুপার্ট বোর্নি বলেন,দৃষ্টি সামান্য ঝাপসা হয়ে এলেও একজন মানুষের জীবনে যথেষ্ট বিরূপ প্রভাব পড়তে পারে। উদাহরণ হিসেবে বলা যায়,বিষয়টি তাদের স্বাধীনতা সীমিত করে দিতে পারে ... তাদের অনেকেই আর চোখের সমস্যার কারণে গাড়ি চালাতে পারেন না।
এ প্রসঙ্গে বিশ্বের ৩০টিরও বেশি দেশে অন্ধত্ব প্রতিরোধে কাজ করা দাতব্য সংস্থা সাইটসেভারস বলছে,চোখের লেন্স ঝাপসা হয়ে যাওয়ায় তা প্রতিস্থাপনের প্রয়োজন হবে-এমন অবস্থা দিন দিন বাড়ছে। এই সংস্থার সদস্য ইমরান খান বলেন,বয়স্ক মানুষ ও দীর্ঘদিন রোগে ভোগা মানুষের সংখ্যা বাড়ায় দরিদ্র দেশগুলোতে অন্ধত্বের সমস্যাও বাড়ার আশঙ্কা রয়েছে। চোখের সমস্যায় টেকসই সেবা দিতে উন্নয়নশীল দেশগুলোতে আরও শল্যবিদ ও নার্সের পাশাপাশি স্বাস্থ্য খাতে উন্নয়নের কথা বলেন তিনি।