
আন্তর্জাতিক ডেস্ক : বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ভোটে সহজ জয় পেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।রাজ্যপালের নির্দেশে আজ সকাল ১১ টায় বিধানসভায় নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে নিজ দল জেডিইউ ও বিজেপি বিধায়কদের নিয়ে হাজির হন নীতীশ । আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বিজেপি শিবিরে ভেড়ার পর রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন নীতীশ। এর আগে হত বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন তিনি। সরকার গঠনের দাবি করার সময় নীতীশ জানিয়েছিলেন, তাঁর পক্ষে বিধানসভায় ১৩২ জনের সমর্থন রয়েছে। আজকের আস্থা ভোটে নীতীশের কথারই সত্যতা মিলেছে। তিনি ১৩১ জন বিধায়কের সমর্থন নিয়ে সহজেই আস্থা ভোটে জয়লাভ করেছেন।
উল্লেখ্য গতকালই বিজেপির সঙ্গে জোট বেঁধে ষষ্ঠবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ। মহাজোট ছেড়ে বেরিয়ে আসার সাফাই দিতে গিয়ে নীতীশ বলেছেন, বিহারের স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত। বিহার বিধানসভার মোট সদস্য সংখ্যা ২৪৩। সরকার গঠনের জন্য ১২২ জন সদস্যের সমর্থন ম্যাজিক-সংখ্যা ১২২। বিধানসভায় জেডি(ইউ)-র ৭১ এবং বিজেপি ও তার সহযোগী দলগুলির মোট ৬১জন বিধায়ক রয়েছেন। সবমিলিয়ে জোটের পক্ষে রয়েছে ১৩১ জন বিধায়কের সমর্থন। ম্যাজিক-সংখ্যার চেয়ে যা বেশি।
অন্যদিকে, বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েও রাতারাতি বিরোধী আসনে চলে গিয়েছে আরজেডি। তাদের বিধায়ক সংখ্যা ৮০। কংগ্রেসের সদস্য সংখ্যা ২৭। সবমিলিয়ে ১০৭। আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে প্রথম দফার পরীক্ষায় উতরে যাবে রাজ্যের নয়া বিজেপি-জেডি (ইউ) জোট সরকার। কিন্তু আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বক্তব্য থেকে ইঙ্গিত, নীতীশ-বিজেপি জোট আগামী দিনে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে।
তবে বিহারের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী জেডিইউ নেতা নীতীশকে সরকার গঠনের যে সুযোগ দিয়েছেন, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারে আরজেডি। নয়া জোটের পক্ষে আরও একটা অস্বস্তির বিষয় হল অভ্যন্তরীন অসন্তোষ। জেডি(ইউ) সাংসদ আলি আনওয়ার ও প্রবীণ নেতা শরদ যাদব বিজেপির সঙ্গে জোট মানতে নারাজ। তবে নীতীশের পক্ষে স্বস্তির খবর, তাঁরা দুজনেই সংসদেই বেশি সক্রিয়। বিহারের দলের কোনও বিধায়কের কাছ থেকেই অসন্তোষের খবর এখনও প্রকাশ্যে আসেনি।