
আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় ফের ১ ভারতীয়ের উপরে হামলার ঘটনা ঘটল। গত শুক্রবার ওয়াশিংটনের কেন্ট শহরে বাড়ির বাইরেই ভারতীয় ১ শিখ ব্যক্তির উপর গুলি চালায় আততায়ী। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আততায়ীর খোঁজ করছে পুলিশ।
ডোনাল্ড ট্রাম্পের দেশে মাত্র ন’দিনের ব্যবধানে এই নিয়ে পরপর ৩ ভারতীয়ের উপরে হামলা চালানো হল। তাঁদের মধ্যে শ্রীনিবাস কুচিভোটলা এবং হার্নিশ পাটেলের মৃত্যু হলেও একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এই শিখ ব্যক্তি। আততায়ীর ছোড়া গুলি তাঁর বাঁ হাতে লেগেছে। গুলি চালানোর আগে আততায়ী বারবার চিৎকার করে তাঁকে নিজের দেশে ফিরে যেতে বলছিল। ঠিক যেমনটা শ্রীনিবাসের সঙ্গেও হয়েছিল। তাই প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই শিখ ব্যক্তিও বর্ণবিদ্বেষের শিকার।
পুলিশ সূত্রে খবর, ৩৯ বছরের শিখ ব্যক্তি ওই দিন বাড়ির বাইরে নিজের গাড়িতে কিছু কাজ করছিলেন। ঠিক সে সময়ই তাঁর সামনে এসে আততায়ী পকেট থেকে বন্দুক বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটা তাঁর বাঁ হাতে লাগে। তিনি পুলিশকে জানান, আততায়ী তাঁর অপরিচিত। এর আগে কখনও এই এলাকায় তাকে দেখেননি। উচ্চতা ৬ ফুট। গুলি চালানোর সময় আততায়ী চিৎকার করে বলছিল, ‘‘নিজের দেশে ফিরে যাও।’’
এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্ট পুলিশ চিফ কেন থমাস। তদন্তের প্রয়োজনে তাঁরা এফবিআই এবং অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গেও যোগাযোগ করেছেন। কেন্টের শিখ কমিউনিটির এক নেতা জসমিত সিংহ জানান, এই ঘটনায় জখম ব্যক্তির পরিবার ভীষণ ভাবে ভেঙে পড়েছে। যথেষ্ট আতঙ্কিতও হয়ে পড়েছেন তাঁরা।
এই ঘটনার ঠিক ১ দিন আগে বৃহস্পতিবারই ৪৩ বছরের ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী হার্নিশকে সাউথ ক্যারোলাইনার ল্যাঙ্কাস্টার কাউন্টিতে তাঁর বাড়ির কাছেই গুলি করে খুন করা হয়। তারও কয়েক দিন আগে কানসাসের ১ টি বারের মধ্যেই গুলি চালানো হয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাসের উপরে।