
আন্তর্জাতিক ডেস্কঃ আফগান তালেবান বাহিনীর সঙ্গে সীমান্তে সংঘর্ষের প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া পৃথক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না এবং যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে শক্ত ও উপযুক্তভাবে। তিনি জানান, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষায় পুরোপুরি প্রস্তুত।
নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, উসকানিমূলক হামলার জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা অভিযান চালিয়েছে। এতে জঙ্গিদের অবস্থান, গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছে। আধুনিক প্রশিক্ষণ ও কার্যকর প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে তারা অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় হুমকি মোকাবিলায় সক্ষম।