
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে আলাদা মাত্রা এনে দিয়েছেন দেশটির বহুদিনের পরিচিত মুখ হিলারি ক্লিনটন। কারণ তিনি হলেন, প্রথম নারী যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমেছেন ।
হিলারি ক্লিনটনের জন্য এবারের নির্বাচন আলাদা মাত্রা তো পাচ্ছেই, তবে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যিনি রয়েছেন, সেই ডোনাল্ড ট্রাম্পও নানা কৌশলে আলোচনায় থাকতে পেরেছেন সমানে সমানে। আগামী সোমবার প্রথমবারের মতো বিতর্কে নামছেন এই দুই প্রতিদ্বন্দ্বী। বেসামাল স্বভাবের বলে পরিচিত ডোনাল্ড ট্রাম্প কীভাবে তার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করার চেষ্টা করবেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে। গণমাধ্যমগুলোও সেক্ষেত্রে রসদ যুগিয়ে যাচ্ছে ।
বিজ্ঞদের ধারণা, রিপাবলিকান ট্রাম্প হয়তো বিতর্কে নেমে হিলারিকে কুটিল, মিথ্যাবাদী ইত্যাদি বলতে পারেন। তার হয়তো চেষ্টা থাকবে হিলারিকে অনাস্থাভাজন হিসেবে উপস্থাপন করা। সেই সঙ্গে মানুষকে দেখানো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারি নয়, তিনিই যোগ্য প্রার্থী। অবশ্য থেমে নেই হিলারিও। সাবের্ক এই ফার্স্ট লেডির যুক্তির ভাণ্ডার বেশ সমৃদ্ধ। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে ৪০টির বেশি বিতর্কে অংশ নিয়ে ফেলেছেন ।