
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত পরবর্তী সময়ে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি বিস্তৃত যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য এবং ফ্রান্সের নেতৃত্বে এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো যুদ্ধ শেষ হওয়ার পর একটি আন্তর্জাতিক জোট গঠনের মাধ্যমে হরমুজের বোমা অপসারণ (মাইন-সুইপিং) এবং সামরিক নজরদারির ব্যবস্থা করা। তবে এই পরিকল্পনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এতে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার সম্ভাবনা রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার জানিয়েছেন যে, এই আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশনে কোনো ‘যুদ্ধরত পক্ষ’ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরানকে রাখা হবে না। ইউরোপীয় কূটনীতিকদের মতে, এই মিশনে নিয়োজিত ইউরোপীয় জাহাজগুলো মার্কিন কমান্ডের অধীনে পরিচালিত হবে না। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো যুদ্ধ শেষ হওয়ার পর নৌ-চলাচলের ক্ষেত্রে শিপিং কোম্পানিগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনা। কর্মকর্তারা মনে করছেন, যুদ্ধ শেষ হতে আরও বেশ কিছু সময় লাগতে পারে। তবে এই মিশনে জার্মানির অংশগ্রহণ পরিকল্পনাটিকে আরও শক্তিশালী করে তুলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিদেশে সামরিক অভিযানে অংশগ্রহণের ক্ষেত্রে জার্মানির ওপর আইনি ও রাজনৈতিক অনেক বিধিনিষেধ থাকলেও, তারা এই মিশনে যুক্ত হতে রাজি হয়েছে।