
নিউজ ডেস্কঃ এই করোনার ভয় উপেক্ষা করে এসেছিলেন তারা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার দীক্ষা নিয়ে। তাদের মনে ছিলো 'সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল'। দুর্যোগে আলোর এই দুই গেরিলা যোদ্ধা ঝড়কে উপেক্ষা করে পূর্ব ডামুড্যা দোয়ালু নামক স্থানে যান। তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের আর বাড়ি ফেরা হলো না। বজ্রপাতে মারা যান শরীয়তপুর ডামুড্যা পল্লী বিদ্যুতের এজিএম সাইফুল হক খান (৪৫) ও সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান (৪০) বজ্রপাতে মারা যান।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় তারা পূর্ব ডামুড্যার দোয়ালু এলাকার ৮ নং ওয়ার্ডে কাজ শেষে বাইকে করে ফিরছিলেন। এমন সময় প্রচণ্ড ঝড়ে তারা নিকটবর্তী একটি ভাঙ্গা ঘরে আশ্রয় নেন। কিন্তু সেখানে বজ্রপাতের তীব্র আওয়াজের পর এলাকাবাসী গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই দুইজনকে নিয়ে দ্রুত তারা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।