
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের যমুনা নদীতে নৌকা ডুবিতে তিনজন নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। তবে শিশুসহ নিখোঁজ বাকী দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ১৪ জন যাত্রী নিয়ে যমুনা নদী পার হওয়ার সময় একটি নৌকা বঙ্গবন্ধু সেতুর ১৪নং পিলার কাছে পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার অভিযান শুরু করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১১জনকে উদ্ধার করা হলেও তিনজন নিখোঁজ থাকে।পরে শুক্রবার সকাল থেকে আবারো ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে দুপুরে এক নারীর মরদেহ উদ্ধার করে। শিশুসহ এখনও আরো দুইজন নিখোঁজ রয়েছে।তিনি জানান, নিখোঁজ তিনজনের বাড়ি বগুড়ার ধুনট এলাকায়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।