
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) সদস্যরা। রোববার (১৭ নভেম্বর) র্যাব-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক পাঁচজন হলেন- কাজী ইবাদুর রহমান ওরফে তানভীর (৩৬), নাসিদ কামাল সজিব (২৭), জামিউর রহমান খান ওরফে আকাশ (২২), ইয়ামিন হোসাইন (১৮) ও জসিম উদ্দিন ওরফে সাঈদ (২৯)। র্যাব-৩’র কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ নভেম্বর) রাতে র্যাব-৩’র একটি দল অভিযান চালায় রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে। সেসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট ও ছয়টি মোবাইল জব্দ করা হয়।