
নিউজ ডেস্কঃ পুলিশের অনুরোধে সুরাইয়া আক্তার (২৮) নামে এক অচেনা নারীকে আশ্রয় দিয়ে বিপাকে পড়েছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লার এক ক্ষুদ্র ব্যবসায়ীর পরিবার। আশ্রয় পেয়ে সুরাইয়া ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল হকের ৯ বছর বয়সী নাতনি বিপনতীকে একটি রুমের ভেতরে বটি দিয়ে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে রাখেন। দীর্ঘ ১০ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ বিপনতীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং জিম্মিকারী সুরাইয়া আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর সুরাইয়া আক্তার সর্ম্পকে পুলিশ খোঁজ নেওয়া শুরু করে। তবে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে সুরাইয়া মানসিক ভারসাম্যহীন। গত সোমবার রাত ২টা থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ফতুল্লার পাগলার শাহীবাজার আমতলা এলাকায় ওই ঘটনা ঘটে। বিপনতী পাগলা শাহীবাজার আমতলা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ও একই এলাকার মো. রিপনের মেয়ে।
সুরাইয়া শরীয়তপুর জেলার নড়িয়া মূলফতগঞ্জ গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং টাঙ্গাইল জেলার চরপৌলী গ্রামের জয়নাল আবেদীন রাজার স্ত্রী।
সুরাইয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় মদিনা চক্ষু হাসপাতালে চাকরি করতেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। তারা ফতুল্লা ভূঁইগড়ে থাকেন।
ফতুল্লা মডেল মডেল থানার এসআই গোলাম মোস্তফা জানান, সোমবার রাত ১২টায় পাগলা শাহীবাজার আমতলা এলাকায় টহলে গিয়ে নুরুল হকের চায়ের দোকানের সামনে লোকজনের ভিড় দেখতে পান। এ সময় পুলিশকে দেখে ওই নারী নিজের নাম সুরাইয়া বলে জানান, তিনি টাঙ্গাইল থেকে তার চাচা-চাচীর খোঁজে এখানে এসেছেন। অনেক খোঁজাখুজি করে তাদের ঠিকানা পাননি। পরে ওই নারী পুলিশের কাছে আশ্রয় চেয়ে বলেন, সকালে তিনি টাঙ্গাইলে চলে যাবেন। পরে চা দোকানদার নুরুল হককে অনুরোধ করে তার জিম্মায় সুরাইয়া দেওয়া হয়।
নুরুল হক জানান, রাত ১টার দিকে তারা বাসায় ফিরে সুরাইয়াকে নাতনি বিপনতির সঙ্গে আলাদা একটি কক্ষে থাকতে দেন। রুমে প্রবেশ করে সুরাইয়া তার ব্যাগ থেকে তালা বের করে ঘরের দরজায় লাগিয়ে দেন। পরে খাটের নিচে থাকা একটি বটি বের করে শিশুটির গলায় ধরেন এবং তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। ওই সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হন।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ শিশুকে উদ্ধারে ব্যর্থ হয়। এভাবে রাত কেটে যায়। পরে মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ গ্যাস কাটার এনে ঘরের লোহার দরজা কেটে ঢুকলে শিশুকে ছেড়ে দিয়ে সুরাইয়া নিজের গলায় বটি ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই সময় পুলিশ তার হাত থেকে বটি কেড়ে নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘সুরাইয়ার দেওয়া তথ্য অনুযায়ী তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। সুরাইয়া আগে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে চাকরি করতেন। মানসিক সমস্যা দেখা দেয়ার তিনি চাকরি ছেড়ে দেন। পরে চিকিৎসা করলে সুরাইয়া কিছুটা সুস্থ হন। কয়েকদিন আগে আবারও মানসিক সমস্যা দেখা দিলে তিনি বাড়ি থেকে চলে যান। পরে খবর পেয়ে তার স্বজনরা থানায় আসেন।