
নিউজ ডেস্কঃ বাংলাদেশ স্বল্পোন্নতভুক্ত দেশগুলোর (এলডিসি) মধ্যে সবচেয়ে জনবহুল। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এখনও অন্যসব এলডিসিভুক্ত দেশের মতো বাংলাদেশকেও দেখছে ।
ডব্লিউটিও বর্তমানে বাংলাদেশকে যে সহযোগিতা প্রদান করছে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। কেনিয়ার নাইরোবিতে গতকাল রাতে কেনিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ডব্লিউটিও-এর মহাপরিচালক রোবার্তো আজেভেডোর সঙ্গে একান্ত বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন। আজ বাণিজ্যমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
তোফায়েল আহমেদ জানান, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় জনসম্পদ রয়েছে। এ জনসম্পদকে যথাযথ প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। বাংলাদেশ অন্য যে কোন এলডিসিভুক্ত দেশের তুলনায় সম্ভাবনাময়। বাংলাদেশের জন্য এ ক্ষেত্রে চলমান সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।
তিনি জানান, ইনহ্যান্স ইন্ট্রিগ্রেটেড ফ্রেমওয়ার্ক(ইআইএফ) এবং এইড ফর ট্রেড-এর আওতায় বিশেষ বিচেনায় এ খাতে ডব্লিউটিও-এর সহযোগিতা বৃদ্ধি করা হলে বাংলাদেশের বাণিজ্যে সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সার্ভিস ওয়েভারের আওতায় সেবা খাতের বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা যাতে কার্যকর হয়, সে বিষয়ে মহাপরিচালকের আন্তরিক সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী ।
এ ছাড়া ডব্লিউটিও-এর দোহা রাউন্ডের সিদ্ধান্ত মোতাবেক উন্নত বিশ্বের কাছ থেকে এলডিসিভুক্ত দেশগুলো ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশের গৃহীত উদ্যোগকে সমর্থনের আহ্বান জানান তোফায়েল আহমেদ। ডব্লিউটিও-এর মহা-পরিচালক রোবার্তো বাংলাদেশের চলমান উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।
আগামীতে ডব্লিউটিও-এর অব্যাহত সহযোগিতা বৃদ্ধিরও আশ্বাস প্রদান করেন তিনি। এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ওষুধ রফতানির ক্ষেত্রে মেধাস্বত্ব অব্যাহতির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত বৃদ্ধির বিষয়ে সহযোগিতার জন্য বাণিজ্যমন্ত্রী ডব্লিউটিও-এর মহাপরিচালক রোবার্তো আজেভেডো কে ধন্যবাদ জানান ।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আগে ১০৭টি দেশে ওষুধ রফতানি করতো, এখন ১২৪ টি দেশে রফতানি করছে। এখানে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এখন উন্নত বিশ্বেও বাংলাদেশের তৈরি ওষুধ রফতানি শুরু হয়েছে। এ সম্ভাবনাময় শিল্পে দক্ষ জনশক্তি প্রয়োজন। এ সময় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) শুভাশীষ বোসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।