
নিউজ ডেস্ক: পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বাংলাদেশের জন্য ১,১৩৮ কোটি ডলারের ঋণ চূড়ান্ত করেছে রাশিয়া। গতকাল সোমবার রুশ সরকার এই ঋণ অনুমোদন দেয়।
জানা গেছে, পুরো বিদ্যৎকেন্দ্রটি নির্মাণে খরচ হবে ১,২৬৫ কোটি ডলার। যার বাকিটা অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে পদ্মা নদীর তীরবর্তী রূপপুর বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের কাজ ২০১৭ সালে শুরু হয়ে শেষ হবে ২০২৪ সালে। অর্ধবার্ষিক হিসেবে রাশিয়া সরকারের দেওয়া এই ঋণ বাংলাদেশ পরিশোধ করবে ২০ বছরে, যার কিস্তি শুরু হবে আগামী ২০২৭ সালের মার্চ মাস থেকে।
রূপপুর পরমাণু কেন্দ্রে স্থাপিত হতে যাওয়া দুটি রি-অ্যাক্টরের প্রতিটি থেকে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যার প্রথম রি-অ্যাক্টরটি ২০২২ সাল থেকে উৎপান শুরু করবে বলে আশা করা হলেও দ্বিতীয়টির জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে। প্রতিটি রি-অ্যাক্টরের মেয়াদ হবে ৬০ বছর হলেও পরবর্তীতে মেয়াদ আরও ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে।
আর এর আগে, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রর ব্যাপারে গত ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং রাশিয়ার রোসাতমের মধ্যে একটি চুকি স্বাক্ষরিত হয়।