News71.com
 Bangladesh
 18 Jul 16, 08:53 PM
 461           
 0
 18 Jul 16, 08:53 PM

গ্রামীণফোন তার শেয়ার হোল্ডারদের ৮৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে       

গ্রামীণফোন তার শেয়ার হোল্ডারদের ৮৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে          

নিউজ ডেস্ক: গ্রামীণফোন শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র মুঠোফোন অপারেটর গ্রামীণফোন ৮৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করেছে।

রাজধানীর বসুন্ধরায় আজ সোমবার বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য বলেছে এই প্রতিষ্ঠানটি। তখন একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও অন্তর্বর্তীকালীন মুনাফার এই তথ্য প্রকাশ করেছে গ্রামীণফোন।

ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, গ্রামীণফোনের ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) প্রতিটি শেয়ারের বিপরীতে ৮ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন শেয়ারধারীরা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিক হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। ঘোষিত অন্তর্বর্তীকালীন লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ আগস্ট।

এই সংবাদ সম্মেলনে বলা হয়েছে, চলতি ২০১৬ সালের প্রথম ৬ মাসে গ্রামীণফোনের আয় হয়েছে ৫ হাজার ৫৬০ কোটি টাকা, যা ২০১৫ সালের একই সময়ের তুলনায় ৮.১ শতাংশ বেশি। ইন্টারনেট ডেটা থেকে বছরের প্রথম ৬ মাসে গ্রামীণফোনের আয় বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। চলতি বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লক্ষ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, ‘গ্রামীণফোন খুব সফলভাবে ২০১৬ সালের প্রথম ৬ মাস পার করেছে। এই সময়ে ডেটা গ্রাহক ও এর ব্যবহার—দুটিই বেড়েছে। একই সঙ্গে ভয়েস কল থেকেও আমাদের আয় বেড়েছে।’

এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ পাল। তখন এই সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন