
নিউজ ডেস্ক: জমি নিয়ে বিরোধের জের ধরে নবাবগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের মারপিটে আব্দুল হাই (৫০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে, নিহতের স্ত্রী বুলবুলি বেগম বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জনকে অভিযুক্ত করেন। গত রবিবার সন্ধ্যায় ওই মামলাটি দায়ের করে। পুলিশ ওই মামলায় এজাহারভুক্ত ৫জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী অফিসার নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেছেন, গ্রেফতারকৃত এই ব্যক্তিরা হলো, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সাতানী জামিরা গ্রামের মৃত গোফ্ফার আলীর ছেলে জনাব আলী, আঃ খালেক ও আঃ রহিম এবং একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে দেলোয়ার হোসেন ও সিদ্দিকুর রহমানের ছেলে আঃ মজিদ।
উল্লেখ্য, গত রবিবার সকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতানী জামিরা গ্রামে মৃত গোফ্ফার আলীর ছেলেরা বিবাদমান জমিতে হাল চাষ করতে যায়। তখন এই সময় প্রতিপক্ষরা বাধা দিলে গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রাজু মিয়া(৫৫), আব্দুল হাই(৫০), ছাইদুল ইসলাম(৪৫) এবং আব্দুল কালাম(৫০) তাতে বাধা দিলে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে গুরুতর আহত করে। এই আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রমেকে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আব্দুল হাই মারা যায়।