
নিউজ ডেস্ক: রাস্তায় গতিরোধক থাকাটা একটা সড়ক ব্যবস্থাপনার অংশ । যেটি না থাকলে দূর্ঘটনা যেমন ঘটে তেমনি মানুষের চলাচল বাধাগ্রস্থ হয় । মানুষ চলাচলে নিরাপত্তা পায়না । বিশেষ করে স্কুল বা কলেজ এর সামনে গতিরোধক থাকা আবশ্যিক । এই বিবেচনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে গতিরোধক নির্মাণের দাবিতে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মহাসড়কের পাশের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গতকাল রোববার প্রায় আধা ঘণ্টা এ কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ১০টায় দুই শতাধিক শিক্ষার্থী কলেজের সামনের যাত্রীছাউনি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
মহাসড়কের ওই অংশটি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের আওতাধীন। ওই ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোরশেদ আলম বলেন, জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ করলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের উভয় দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। প্রায় ২৫ মিনিট পর পুলিশ এসে গতিরোধক স্থাপনে সহায়তার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রায়হান বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে কলেজের সামনে মহাসড়কে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। গত শনিবার দুপুরে কলেজের সামনে মৌলভির দোকান এলাকায় ট্রাকচাপায় এক শিশু নিহত ও তার মা গুরুতর আহত হন। কলেজের সামনে যাত্রীছাউনি এলাকায় গতিরোধকের ব্যবস্থা করলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। তাই কলেজের শিক্ষার্থীরা গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দেব বলেন, কলেজের সামনে একসময় গতিরোধক ছিল। কিছুদিন আগে মহাসড়ক সংস্কারের সময় গতিরোধকটি ভেঙে ফেলা হয়। এই এলাকায় একটি গতিরোধক প্রয়োজন।
চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক বলেন, ‘শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবিতে কিছু সময়ের জন্য অবরোধ করেন। শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। গতিরোধক স্থাপনে সহযোগিতার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।’