
নিউজ ডেস্ক: ২ দিনের ভারী বর্ষণ আর উজানের ধেয়ে আসা জলেতে ফুলে ফেঁপে ওঠা তিস্তা নীলফামারীর ডালিয়া পয়েন্টে বইছে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে। যার ফলে তিস্তা দুকূল ছাপিয়ে নিম্নাঞ্চল প্লাবিত করেছে। সময়ের সাথে সাথে তিস্তা ক্রমেই ভয়ঙ্কর রুপ নিচ্ছে। ক্রমাগত জল বৃদ্ধির কারনে এরই মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে তিস্তা পাড়ের মানুষের মাঝে।
ইতোমধ্যে, শত শত পরিবার বাড়িঘর ছেড়ে পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে উঠেছেন। নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্র থেকে জানা যায়, গত শনিবার রাত হতে তিস্তার জল বাড়তে থাকে। পরে রাত ৩ টায় তিস্তা বিপদসীমা অতিক্রম করে। আজ সকাল ৯ টায় তিস্তার জল বৃদ্ধি পেয়ে ৫২.৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল (বিপদসীমা ৫২.৪০ সেমি)। জলের গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচ গেট খুলে রাখা হয়েছে।
আবারএদিকে, তিস্তায় জল বৃদ্ধির ফলে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল এখন হাটু জলেতে নিমজ্জিত। জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি, ছাতুনামা, ঝাড় সিংহের চর, কিসমত ছাতনাই, উত্তর খড়িবাড়ী, পুর্ব খড়িবাড়ী, দোহল পাড়া, চর খড়িবাড়ী, ভাসানীর চর, টাবুর চর, ছোট খাতা, ভেন্ডাবাড়ী, বাইশ পুকর, ছোট খাতা ও জলঢাকা উপজেলার, গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে।
জানা গেছে, জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতার বাজার, চরখড়িবাড়ী, ঝিঞ্জির পাড়া হাটু জলে তলিয়ে গেছে। যার ফলে ওই এলাকার হাজার হাজার পরিবার জলেবন্দি হয়ে পড়েছে। তিস্তা জিরো পয়েন্টের থেকে জানা গেছে, প্রচন্ড শব্দ নিয়ে হুহু করে কাদা জল আছড়ে পড়ছে তিস্তায়। এই জলে এলাকার সমস্ত রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় পানি বন্দি মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে সবচেয়ে বেশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন, গত দু'দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে ফুসে উঠেছে তিস্তা নদী। বর্ষা মৌসুমের শুরুতেই তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অনেক মানুষের ঘরবাড়িতে হাটু জল উঠেছে।