
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের ২গ্রুপের মধ্যে সংঘর্ষে সিএনজি যাত্রীসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এসময় ৮টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা ।
আজ সন্ধ্যায় শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও ছাত্রলীগ সুত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিকালে সরকারী মহিলা কলেজে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী এক সভা অনুষ্ঠিত হয় ।
সভা শেষে সন্ধ্যার দিকে নেতা কর্মীরা শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থান করছিল। এসময় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কনককারী ও দালাল বাজার ডিগ্রী কলেজের সভাপতি বেলায়েত হোসেন অনিকের সঙ্গে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন অনিক, কনককারী, আব্দুল করিম, আকরাম, মাকছুদ ও এক সিএনজি যাত্রী আহত হন ।
এসময় কনককারীর পক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস এবং অনিকের পক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও তাদের সমর্থকদের বিক্ষুব্ধ অবস্থায় দেখা যায়। এসময় উত্তেজিত ছাত্রলীগ নেতা কর্মীরা উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় ৮টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে ।
এব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেসব সিএনজি অটোরিক্সা ভাংচুর করা হয়েছে, মালিক পক্ষ অভিযোগ করলে ব্যাবস্থা গ্রহণ করা হবে ।