
নিউজ ডেস্ক: যশোরে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানোর অভিযোগে ক্লিনিক মালিকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া বাজারে মহুয়া ক্লিনিক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো, মহুয়া ক্লিনিকের মালিক খলিলুর রহমান, তার ভাই হাবিবুর রহমান, সেবিকা রাজিয়া সুলতানা ওরফে হাবিবা ও শান্তা নামে এক হিজড়া।
বসুন্দিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই সোহরাব হোসেন বলেন, তার কাছে খবর ছিল বসুন্দিয়া মোড়ে মহুয়া ক্লিনিকে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানো হয়েছে। লিঙ্গ পরিবর্তনের পর তার নাম রাখা হয়েছে শান্তা। এই খবরের ভিত্তিতে তিনি ফোর্স নিয়ে ক্লিনিকটিতে অভিযান চালান। সেখান থেকে ওই ৪ জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ক্লিনিক মালিক খলিলুর রহমান কোনো প্রেসক্রিপশন পড়তেও পারেন না। ক্লিনিক খুলে মানুষকে প্রতারিত করাই তার কাজ। খলিলুর এর আগেও একবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেফতার হয়ে জেল খেটেছে।