
নিউজ ডেস্ক: নিখোঁজের দুই দিন পরও সন্ধান মেলেনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া পরীবানু ও তার মেয়ে নাজিয়াতের (৯)। মা ও বোনের অপেক্ষায় প্রহর গুণছে অপর শিশু নুসরাত (৭)।
আজ বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর জেনে শিশু নুসরাতকে নিয়ে যেতে তার দুই মামা মানিক ও নাসির খান বরগুনার উদ্দেশে রওনা দিয়েছেন।
এ বিষয়ে নুসরাতের বড় মামা মানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক দের বলেন, ‘আমরা রাত ১০-১১টার মধ্যে বরগুনা পৌঁছাবো। আমার বোন পরীবানুর মানসিক সমস্যা ছিলো। এভাবে প্রায়ই ঘর থেকে বের হয়ে যেতো সে, আবার ফিরে আসতো। এর আগেও দুইবার ঘর থেকে বের হয়ে গেছে, আবার ফিরেও এসেছে। কিন্তু এবার আর সে ফিরে এলো না। নুসরাতের বাবার বছরখানেক আগে ব্রেন স্ট্রোক হয়েছিলো, তারপর থেকেই তিনি শয্যাশায়ী। বিছানা থেকে উঠতে পারেন না। এ অবস্থায় নুসরাতকে আমাদের কাছেই রাখতে হবে।’
নুসরাতের বড় ভাই আল-আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি কোনো দিন ভাবিনি এভাবে মোর মায় মোগো ছেড়ে চলে যাবে। লগে মোর বোইন ডারেও লইয়া যাইবে।’
বরগুনা সদর থানা সূত্রে জানা গেছে, নুসরাতকে আজ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে বরিশাল সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু তার ভাই ও মামা যোগাযোগের পর তাকে মানবিক দৃষ্টি বিবেচনায় বরগুনা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
বরগুনা সদর থানায় গিয়ে দেখা গেছে, নুসরাত বরগুনার সদর থানা পুলিশের উপ-পরিদর্শক শামসুন্নাহারের কোলে বসে আছেন। কখনও কখনও মা এবং বোনের কথা মনে উঠলেও মায়ের যত্নে শামসুন্নাহার তার সে কথা ভুলিয়ে দিচ্ছেন। শামসুন্নাহার তার মোবাইল ফোনের মাধ্যমে ভাই ও মামার সঙ্গে কথা বলিয়ে দেওয়ায় অনেকটাই স্বাভাবিক হয়েছে নুসরাত।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন সাংবাদিকদের জানান, নুসরাতের দুই মামা ও ভাই বরগুনার উদ্দেশে রওনা দিয়েছেন। তারা গিয়ে পৌঁছালে তাদের কাছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে হস্তান্তর করা হবে।
এর আগে গত রোববার (১০ জুলাই) ঢাকা সদরঘাট লঞ্চঘাট থেকে দুই মেয়ে নাজিয়াত ও নুসরাতকে নিয়ে এমভি সম্রাট নামে একটি যাত্রীবাহী লঞ্চে বরগুনায় আসছিলেন পরীবানু। আসার পথে মেঘনা নদীতে পরে নিখোঁজ হন পরীবানু ও তার মেয়ে নাজিয়াত। লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে চাঁদপুরে ঘাট দেওয়ার পর মিয়ার চর এলাকায় পৌঁছালে পরীবানু লঞ্চের শেষ দিকে পা ধোয়ার জন্য গেলে নদীতে পড়ে যান। এ সময় নাজিয়াত মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে দু’জনেই নিখোঁজ হন। অন্য যাত্রীদের কাছে থাকায় বেঁচে যায় ছোট মেয়ে নুসরাত।