News71.com
 Bangladesh
 31 Oct 16, 06:28 PM
 270           
 0
 31 Oct 16, 06:28 PM

আগামী বছর রাজশাহী সিলিকন সিটি নির্মাণ

আগামী বছর রাজশাহী সিলিকন সিটি নির্মাণ

নিউজ ডেস্ক: বরেন্দ্র সিলিকন সিটির অবকাঠামো নির্মাণ কাজ আগামী বছর শুরু হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।এখাতে ৪৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং বাস্তবায়ন কাজ টেন্ডার আহ্বানের মাধ্যমে শুরু হবে, জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি রোববার নগরীর রাজপাড়াথানার বুলনপুর এলাকায় বরেন্দ্র সিলিকন সিটি এলাকা পরিদর্শনকালে একথা বলেন। বরেন্দ্র সিলিকন সিটির অবকাঠামো নির্মাণে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক বাউন্ডারি ওয়াল, স্ট্রিটলাইট, পানি ও স্যুয়ারেজ লাইন ও ৬০ হাজার বর্গফুটের চারতলা ভবন নির্মাণে অর্থায়ন করবে। বাকি কাজ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী ও এর সংলগ্ন এলাকাসমূহকে কৃষিসহ অন্যান্য উৎপাদনশীল ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া, আইসিটি মানুষের জন্য কর্মসংস্থানের অধিক ক্ষেত্র সৃষ্টি করা হবে। এ উপলক্ষে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, সিলিকন সিটির জন্য প্রয়োজনীয় জমি যত তাড়াতাড়ি সম্ভব পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া হাইটেক পার্কে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশাসনিক সাপোর্ট সেবা দেয়া হবে এবং পার্কের বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশন, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট ও অন্যান্য ইউটিলিটি সেবা নিশ্চিত করা হবে। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান বলেন, ডিজিটাল বাংলাদেশ অর্জনে সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন