
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গবাজার শাহজীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে ।
পরে নগর পুলিশের এডিসি (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফের নেতৃত্ব দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি ঘটনার সত্যতাও নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, শাহজীপাড়া সমাজ উন্নয়ন কমিটির সাবেক সর্দার বিমলের অনুসারীদের উপর বর্তমান সর্দার মিঠুর লোকজন অতর্কিত হামলা চালায়। এরপর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটে ।
স্থানীয় বাসিন্দা দিলীপ দাশ জানান, শাহজীপাড়া সমাজ উন্নয়ন কমিটির নেতৃত্বে ছিলেন বিমল সর্দার। ২০১২ সালে বিমল সর্দারকে উৎখাত করে মিঠু সর্দার কমিটির দায়িত্বভার গ্রহণ করে। বিষয়টি সবাই মেনে নেয়নি। এর জের ধরে দ্বন্দ্ব লেগেই ছিল ।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জানান, পাড়ার নেতৃত্ব নিয়ে বারবার দু’পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ হয়ে আসছে। উভয়পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।