
নিউজ ডেস্কঃ বাংলাদেশের নারী ভ্রমণকারীরা ই-টোকেন ছাড়াই ভারতীয় ভিসার আবেদন করতে পারবেন । এই সুযোগ ১১ দিনের জন্য। ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই স্কিম প্রবর্তণ করতে যাচ্ছে ভারতীয় হাইকমিশন ।
আগামী ৩ থেকে ১৩ই অক্টবর এই পাইলট স্কিমটির আওতায় বাংলাদেশের নারীরা ই-টোকেন কিংবা পূর্ব সাক্ষাৎকারের তারিখ ছাড়াই ভিসার আবেদন করতে পারবেন। রাজধানী ঢাকার গুলশানে ভারতীয় হাইকমিশনে (বাড়ি নম্বর-১২, সড়ক- ১৩৭, গুলশান-১) স্বশরীরে গিয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নারী আবেদনকারী চাইলে সঙ্গী পারিবারিক সদস্যদের ভিসা আবেদনপত্রও জমা দিতে পারবেন ।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আবেদনের সময় নারী আবেদনকারী এবং ভিসাপ্রার্থী তাদের পরিবারবর্গের নিশ্চিত বিমান টিকেট থাকতে হবে, যেটি প্রবেশমুখে দেখাতে হবে। ভ্রমণ করতে হবে অক্টবরেই, যা কার্যকর হবে আবেদন জমা দেওয়ার ৭ দিন পর থেকে। ছুটির মওসুমগুলোতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির কথা মাথায় রেখেই ভারত এই সুযাগ করে দিচ্ছে ।