
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ সকাল ১০টা ১০ মিনিটের দিকে এ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
বিউগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারপর সমাধি প্রাঙ্গণে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন। ঢাকায় ফিরে বাদ আছর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মহিলা আওয়ামিলীগ আয়োজিত মিলাদ মাহফিলেও যোগ দেবেন শেখ হাসিনা।