
নিউজ ডেস্কঃ পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মুখে রোববার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এর মধ্যে ৬৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি অনুকূলে না থাকায় ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের মাধ্যমে মালিকপক্ষ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করার সুযোগ পাচ্ছে। এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন চালানো সম্ভব না হলে রোববার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ওই ধারায় কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে।