News71.com
 Bangladesh
 26 Jul 16, 01:00 AM
 338           
 0
 26 Jul 16, 01:00 AM

সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মন্তব্যে বাতিল হবে এনজিওর নিবন্ধন।।

সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মন্তব্যে বাতিল হবে এনজিওর নিবন্ধন।।

নিউজ ডেস্ক: কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক বা অশালীন মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা বা এনজিওর নিবন্ধন বাতিল করতে পারবে। আজ রাতে জাতীয় সংসদে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল ২০১৬-এ, এই বিধান রাখার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিলটি যাচাই-বাছাই করে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনটি উপস্থাপন করতে গিয়ে সুরঞ্জিত বলেন, টিআইবি সংসদ নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় সংসদে উত্তেজনা হয়েছে। কোনো এনজিও সংসদ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এমন নিয়ম বিশ্বে নেই। এই আইনটি হলে টিআইবি বা অন্য কোনো সংস্থা নির্বাচন কমিশন, সংসদ বা অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে অশালীন মন্তব্য করতে পারবে না।

গত বছরের পহেলা সেপ্টেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী। এর কয়েক দিন পরে টিআইবি’র ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংসদকে ‘পুতুলনাচের নাট্যশালা’ অভিহিত করেন। এই মন্তব্য নিয়ে সংসদ অধিবেশনে সমালোচনার ঝড় ওঠে। এক পর্যায়ে সংসদীয় কমিটি থেকেও টিআইবিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

একইসঙ্গে সংসদীয় কমিটি বিলে সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে কটাক্ষমূলক মন্তব্য ও অপরাধ সম্পর্কিত এই বিধান যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষ ব্যক্তিরা ১৮ মে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করে বিলের এই ধারাটি বাতিলের সুপারিশ করে। কিন্তু সংসদীয় কমিটি তাদের সুপারিশ আমলে নেয়নি।

ওই বৈঠকের পর সুরঞ্জিত সেনগুপ্ত গণমাধ্যমকে বলেছিলেন, টিআইবি সংসদ নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিলো। এজন্য তাদের ‘সরি’ বলার জন্য আহ্বান জানানো হয়েছিলো। কিন্তু তাতে সাড়া মেলেনি। তাই কমিটি প্রস্তাবিত আইনে সংসদসহ যেকোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার জন্য এনজিওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রেখেছে।

ধারায় বলা হয়েছে, কোনো এনজিও বা ব্যক্তি এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে এবং সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক বা অশালীন মন্তব্য করলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষিত বা তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈদেশিক অনুদান গ্রহণ করতে পারবে না। বিদেশ থেকে পাওয়া অনুদান যেকোনো তফশিলি ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে হবে। কোনো প্রতিষ্ঠান নারী, শিশু, মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এসব ক্ষেত্রে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানাসহ নিবন্ধন বাতিল করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন