
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক নারী চা শ্রমিককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার মৃর্ত্তিঙ্গা চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান। নিহত রমনী তাঁতি (৩২) বাগানের শ্রমিক হরিকিশোর তাঁতির (৩৮) স্ত্রী। তিনিও ওই বাগানের শ্রমিক ছিলেন।
এ ব্যাপারে ওসি বদরুল হাসান বলেন, বেলা দেড়টার দিকে হরিকিশোর কুড়াল দিয়ে কুপিয়ে রমনীকে হত্যার পর লাশ ঘরে রেখে দরজা বন্ধ করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ প্রসঙ্গে রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী বলেন, “পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” উক্ত ঘটনায় অভিযুক্ত হরিকিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন।