
নিউজ ডেস্কঃ নীলফামারীতে উজানের ঢলে তিস্তা নদীর বন্যা পরিস্থিতির আবারো অবনতি হয়েছে। আজ রবিবার জেলার ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গতকাল শনিবার সেখানে বিপৎসীমার ২০ সেণ্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল।
এদিকে নদীর পানি বাড়া-কমায় জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে নদী ভাঙন অব্যাহত আছে। এদিন ওই ইউনিয়নের আরো ৪০টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার কথা জানা যায় । নদীর পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই,খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার, গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৫ গ্রাম আবারো বন্যকবলিত হয়ে পড়েছে।
গত ১৭ জুলাই তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৭ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ সময় ওই ১৫ গ্রামের ১০ সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এর পর থেকে দফায় দফায় নদীর পানি বাড়া-কমায় গত আট দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে এসব পরিবারের সদস্যরা।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, শনিবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রবিবার পানি আবারও বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, ইউনিয়নের স্বেচ্ছাশ্রমে নির্মিত বাধটি ভেঙে যাওয়ায় চরখড়িবাড়ি, পূর্বখড়িবাড়ি, টাপুরচর, ঝিঞ্জিরপাড়া ও মেহেরটারী গ্রামের ওপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হতে শুরু করে। এসব গ্রামে রবিবার আরো ৪০ পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়। এ নিয়ে ইউনিয়নের পাঁচ শতাধিক পবিারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হলো।
বন্যার্তদের জন্য সরকারী সাহায্যের পাশাপাশি নদী ভাঙনের শিকার পরিবারগুলোর মাঝে জেলা প্রশাসনের পক্ষে চাল, ডাল ,লবন, তেল, দিয়াশলাই,মোমবাতি, চিড়া মুড়িসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে।
এ বিষয়ে পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, রবিবার নদীর পানি বৃদ্ধির ফলে ইউনিয়নের ঝাড়শিংহেরশ্বর, পূর্ব ছাতনাই ও ছাতনাই গ্রামের প্রায় এক হাজার পরিবার আবারো বন্যাকবলিত হয়ে পড়ে। গত আট দিন ধরে কর্মহীন এসব পরিবারের সদস্যরা মানবেতর জীবন কাটাচ্ছে। এসব মানুষের মাঝে ৭ দশমিক ২০০ মেট্রিক টন চাল ও ৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল।
এ ব্যাপারে জেলা প্রশাসক জাকীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে এ পর্যন্ত ৭০ মেট্রিক টন চাল ও নগদ তিন লাখ টাকা সরকারী ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আরও বরাদ্ধ চাওয়া হয়েছে, আশা করি দ্রুত বরাদ্ধ পাওয়া যাবে।
বর্নাত্যদের সাহায্যের কথা বলতে গিয়ে তিনি বলেন , ভাঙনের শিকার পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে চাল, ডাল ,লবন, তেল, দিয়াশলাই, মোমবাতি, চিড়া মুড়িসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি প্যাকেজ সরবরাহ করা হয়েছে।
উল্লেখ্য, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাবাভাস ও সতর্কিকরণ কেন্দ্র জানায়, রবিবার তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।