
নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, উত্তরাঞ্চলের বন্যা কবলিত ১১টি জেলার জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। আজ রাজধানীর হোটেল অবকাশে ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি ও ঝুঁকিহ্রাসে করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সরকার প্রয়োজনীয় সহায়তা পাঠিয়েছে। এর আগে বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে এসব জেলা সফর করে করণীয় বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়েছে। ইতোমধ্যে এসব জেলায় ২৩০০ মেট্রিক টন চাল ও ৪৫ লক্ষ টাকার শুকনা খাবার পাঠানো হয়েছে। এর বাইরে মন্ত্রণালয় থেকে শুকনা খাবারসহ বন্যায় কাজে লাগে এমন সরঞ্জামাদির ৪ হাজার কার্টুন উপদ্রুত জেলায় পাঠানো হয়েছে ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামালের সভাপতিত্বে কর্মশালায় সার্ক আবহাওয়া কেন্দ্রের সাবেক পরিচালক ড. ডি এ কাদের, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটির সিনিয়র এডভাইজর ড. শাম্মী আহমেদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মোঃ মনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটি স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ ।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য বিএম মোজাম্মেল হক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সাইন্সেস এন্ড ফিসারিজ এর পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহাদাত হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, বন্যাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ তৎপরতা চালানোর জন্য পর্যাপ্ত খাদ্যশস্য সরকারের কাছে রয়েছে। চাহিদার পুর্বেই সরকার যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসক বরাবর সম্ভাব্য প্রয়োজনীয় খাবার এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে নগদ ৫ কোটি টাকা ও ৬ হাজার মেট্রিকটন খাদ্যশস্য বরাদ্দ দিয়ে রেখেছে ।
তিনি বলেন, সরকার দেশের বন্যা পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। মন্ত্রণালয়, অধিদপ্তর ও জেলাসমূহে মনিটরিং সেল খোলা হয়েছে। কর্মশালায় উপকূলীয় ১২ জেলার স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা, জাতীয় পর্যায়ের গবেষকবৃন্দ এ সংক্রান্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ, উপকূলীয় স্বেচ্ছাসেবক সংস্থা সিপিপির প্রতিনিধিগণ, স্কাউট, রোভার স্কাউটের প্রতিনিদিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানান হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় উপকূলীয় এলাকায় ১০০ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে। আরও ২২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলমান আছে। উপকূলীয় ১২ জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ৩৯ হাজার ৩৬৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক প্রস্তত রাখা হয়েছে।