
নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছেন না। গত ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই এর মেয়াদ শেষ হয়ে গেছে। সেই পাসপোর্ট ব্রিটিশ বর্ডার এজেন্সি ২০১৪ সালের জুনে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হস্তান্তর করেছে এবং সেটি বর্তমানে হাইকমিশনের কাছেই সংরক্ষিত আছে। তারেক রহমানের স্ত্রী ও কন্যার পাসপোর্টও ব্রিটিশ বর্ডার এজেন্সি বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত সপ্তাহে বাংলাদেশের হাইকোর্ট বিদেশে অর্থপাচারের অভিযোগের মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও জরিমানা করা সত্ত্বেও তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অনেক জটিলতা রয়েছে। তাঁকে ফেরত চেয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত বছর জানুয়ারি মাসে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে চিঠি পাঠিয়েছিলেন। তবে ব্রিটিশ সরকার সেই অনুরোধে সাড়া দেয়নি।
পাসপোর্ট ছাড়া তারেক রহমান যুক্তরাজ্যে কিভাবে অবস্থান করছেন সে বিষয়ে বাংলাদেশ হাইকমিশন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কাছে জানতে চেয়েছিল। এর জবাবে বাংলাদেশকে শুধু জানানো হয়েছে, তথ্য সুরক্ষা আইনের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া তাঁর তথ্য অন্য কাউকে দেওয়ার সুযোগ নেই।
তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচারের ওই মামলা ছাড়াও আরো ২০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি বিচারাধীন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে উদ্ভূত দুই মামলা, এনবিআরের করা কর ফাঁকির এক মামলা, রাষ্ট্রদ্রোহের এক মামলা ও মানহানির দুই মামলা। মানহানির একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
তারেক রহমান যুক্তরাজ্যে কিভাবে অবস্থান করছেন তা কখনো স্পষ্ট করেনি ব্রিটিশ সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশটিতে আশ্রয় পাওয়া বা অবস্থানরত কোনো ব্যক্তিকে অন্য কোনো দেশের কাছে হস্তান্তরের বিষয়ে আদালত সিদ্ধান্ত নিয়ে থাকেন। তা ছাড়া বিদেশি কাউকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের ফলে অন্যত্র তাঁর নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা বা মৃত্যুদণ্ড হওয়ার ঝুঁকি বিশেষভাবে বিবেচনা করা হয়। বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ ও ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে। এ কারণেই তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে।
তারেক রহমান ২০০৮ সালের ১২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর তাঁর নামে ইস্যু করা বাংলাদেশি পাসপোর্টে তিনি যে ব্রিটিশ ভিসা পেয়েছিলেন তাঁর মেয়াদ ছিল ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ১ জুলাই। তাঁর পাসপোর্টের মেয়াদ ছিল ২০১৩ সাল পর্যন্ত। এরপর তিনি আর তা নবায়ন করেননি এবং নতুন বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনও করেননি।