
নিউজ ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে নিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। তবে ঝুলন্ত অবস্থায় মাকে জড়িয়ে ধরেই অল্পের জন্য মৃত্যু থেকে রক্ষা পেয়েছে শিশুকন্যা চাঁদনী আক্তার (৬)। নিহতরা হলেন মা শিউলী বেগম (৩০) ও তাঁর চার বছরের শিশুসন্তান ইউসুফ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিউলী বেগম ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। দেলোয়ার ঢাকায় ট্রাক চালান। বর্তমানে দেলোয়ার হোসেন ট্রাকে মালামাল নিয়ে ভারতে আছেন। স্বামীর সঙ্গে অভিমান করেই তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বেঁচে যাওয়া চাঁদনী আক্তার বলে, ‘দুপুরের পর বাবার সঙ্গে মায়ের ফোনে ঝগড়া হয়। একপর্যায়ে মা ফোনটি ভেঙে ঘরের বাইরে ফেলে দেয়। পরে রাগ করে ঘরের সব জিনিস ভাঙচুর করে মা। এরপর মা আমাকে ধরে জোর করে একটি টুলের ওপর দাঁড় করিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। তখন আমি ভয় পেতে থাকি। একইভাবে আমার ছোট ভাই ইউসুফের গলায়ও ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে দেয় মা। এরপর মা নিজেও ওই ফ্যানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়।’
শিশু চাঁদনী আরো বলে, ‘আমার গলার ফাঁস আটকে যেতে লাগলে আমি মাকে জড়িয়ে ধরি। তখন আমার গলায় ফাঁস হালকা হয়ে যায়। এরপর চিৎকার শুরু করলে লোকজন এসে আমাদের উদ্ধার করে। তবে ততক্ষণে আমার মা আর ভাই মারা যায়।’
প্রতিবেশী ইউসুফ আলী ফরাজী বলেন, ‘আমি টিন খুলে ঘরের ভেতরে গিয়ে দেখি ছেলেটি একটি ওড়নায় ফ্যানের সঙ্গে ঝুলছে। আরেকটি ওড়নায় মা ও মেয়ে ঝুলছে। মাকে জড়িয়ে ধরায় মেয়েটির গলায় ফাঁস আটকে যায়নি। তাই ওকে বাঁচানো সম্ভব হয়েছে।’
দেলোয়ারের ভাই আবুল হোসনের স্ত্রী শেফালী বেগম জানান, গতকাল বিকেলে শিউলী বেগম স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া করে ঘরের দরজা বন্ধ করে রাখেন। ঘরের ভেতর থাকা আসবাবগুলোও ভাঙচুর করে। এমন ঘটনা প্রায়ই ঘটত। গতকাল ভাঙচুরের শব্দ থেমে যাওয়ার পর শিউলীর বড় মেয়ে চাঁদনী বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে।
তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা ধাক্কাধাক্কি করেও খুলতে ব্যর্থ হয়। পরে তারা টিনশেড ভবনের চালার টিন খুলে দেখতে পায় ঘরের ভেতর একটি ফ্যানের সঙ্গে দুই সন্তানসহ শিউলী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। তাৎক্ষণিক তারা বিষয়টি পুলিশকে জানায়। এরপর লোকজন ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে মেয়ে চাঁদনীকে জীবিত উদ্ধার করে।
রাজাপুর থানার ওসি শেখ মুনীর-উল গিয়াস বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে দুই সন্তানকে ফাঁসিতে ঝুলিয়ে শিউলী বেগম নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শিশু চাঁদনী আক্তার ভাগ্যক্রমে বেঁচে যায়।’