
নিউজ ডেস্ক: অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ধারারগাঁও এলাকার সুরমা নদী সংলগ্ন সড়কের কালভার্টের সংযোগ সড়ক ভেঙে জেলা শহরের সঙ্গে ৪টি ইউনিয়নের প্রায় ৫০টা গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সড়কটি ভেঙে গেলে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। বর্তমানে তারা নৌকা দিয়ে বিকল্প যাতায়াত শুরু করেছেন। জলের স্রোত বেশি থাকায় নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত ধারারগাঁও কালভার্ট সংযোগ সড়কটিতে গত কয়েকদিন আগেই ফাটল ধরে। গতকাল শুক্রবার সকালে সংযোগ সড়কটি পাহাড়ি ঢলের বেগ বেশি থাকায় ভেঙে গিয়ে কোরবান নগর, রঙ্গারচর, জাহাঙ্গীর নগর এবং সুরমা ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামের সঙ্গে শহরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে এইসব এলাকার লোকজন নৌকা দিয়ে যাতায়াত শুরু করেন।
কোরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত বলেন, সম্প্রতিক তিনি সংযোগ সড়কটির ব্যাপারে এলজিইডির সংশ্লিষ্টদের কাছে সংস্কারের কথা বলেছিলেন। সংস্কারের উদ্যোগ নেয়া হলে সড়কটি ভাঙতো না। এই ‘সড়কটি ভেঙে যাওয়ার ফলে ৪টি ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যবস্থা জেলা শহরের সঙ্গে বিচ্ছিন্ন। সড়কটি ভাঙার পর আমি সংশ্লিষ্টদের আবার অবগত করেছি।’
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল আহমেদ বলেন, ‘পাহাড়ি ঢলে আমাদের অনেক সড়ক কালভার্টের ক্ষতি হয়েছে। জল কমে গেলে সংস্কারের উদ্যোগ নেয়া হবে।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর জল বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে এইসব নিম্নাঞ্চল। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্লাবিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বর্তমানে সেখানে জল কমতে শুরু করেছে।