
নিউজ ডেস্ক: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার সময় ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আলম বাহিনী। অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে এই দস্যুরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে লকালয়ের পার্শ্বে কদম তলা ফরেস্ট স্টেশন অফিসের সামনে চুনকুড়ি নদী থেকে জেলেদের অপহরণ করা হয়।
অপহৃত এই জেলেরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নে দক্ষিণ কদমতলা গ্রামের রহমান গাজীর ছেলে রেজাউল করিম (২৪), একই গ্রামের মজিদ গাজীর ছেলে পলাশ (৩২), হাসেম মুন্সির ছেলে শহিদ (২৮),আলম গাজীর ছেলে সাহাবুদ্দীন (১৮) ও জেলেপাড়া মতুরাপুর গ্রামের খদেম সানার ছেলে মিলন (১৮)।
অপহৃত সাহবুদ্দীনের পিতা আলম গাজী ও আজিবর বলেন, লকালয়ের পাশে কদমতলা ফরেস্ট স্টেশন অফিসের সামনে চুনকুড়ি নদীতে দড়িতে চার বেঁধে থোপ ফেলে কাঁকড়া ধরছিলেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলম বাহিনী মাথা পিছু ১০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করে। তাদের দাবি করা টাকা ৪ দিনের মধ্যে দিতে হবে বলে জানিয়ে দিয়েছে। কদমতলা স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, জেলে অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন।