News71.com
 Bangladesh
 22 Jul 16, 02:14 AM
 466           
 0
 22 Jul 16, 02:14 AM

খুলনায় বাঘের হাড়সহ দু’পাচারকারী গ্রেফতার

খুলনায় বাঘের হাড়সহ দু’পাচারকারী গ্রেফতার

 

নিউজ ডেস্ক: সুন্দরবন থেকে বাঘের ১৫টি হাড়সহ দু’পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বুধবার সন্ধ্যায় র‌্যাবের একটি দল পাইকগাছা উপজেলার বেতবুনিয়া বাজার সংলগ্ন ফেরিঘাট থেকে বাঘের হাড়সহ তাদের গ্রেফতার করে।

এই ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- খুলনার কয়রা উপজেলার ভাগবা গ্রামের মৃত ওয়াজেদ গাজীর ছেলে গোলাম রসুল (৪৫) এবং পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের মোক্তার গাজীর ছেলে খলিল গাজী (৩২)। তারা রয়েল বেঙ্গল টাইগার হত্যার পর এর হাড় বিক্রির জন্য বহন করছিল। কিন্তু আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে নগরীর লবণচরাস্থ র‌্যাব-৬’র সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য বলা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬’র স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, বাঘের হাড় কেনার কথা বলে ক্রেতা সেজে পাচারকারীদের সঙ্গে র‌্যাবের সোর্স যোগাযোগ করে। ছোট-বড় বিভিন্ন সাইজের ১৫ টি হাড় ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রির চুক্তি হয়। সে অনুযায়ী পাচারকারীরা একটি বাজারের ব্যাগে হাড়গুলো নিয়ে আসার পথে পাইকগাছা উপজেলার বেতবুনিয়া বাজার সংলগ্ন ফেরিঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত এই সব হাড়গুলোর ওজন ২ কেজি ১শ’ গ্রাম।

গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, চোরা শিকারি চক্র বছরের পর বছর ধরে সুন্দরবনে ফাঁদ পেতে, গুলি করে এবং বিষটোপ দিয়ে বাঘ ও হরিণ শিকার করছে। চামড়া ছাড়িয়ে মাংস, চামড়া, দাঁত ও হাড়সহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ মাটির নিচে চাপা দিয়ে রেখে পরবর্তীতে দালাল চক্রের হাত ঘুরে বিদেশে পাচার করে থাকে। সুন্দরবনের বন্যপ্রাণি পাচারকে তারা পেশা হিসাবে নেয়। সুন্দরবনে দস্যুতা দমন, বাঘের চামড়া, হাড়, হরিণের মাংস ও চামড়া উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। তখন প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬’র মেজর মো. সুরুজ মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন