News71.com
 Bangladesh
 21 Jul 16, 09:23 PM
 454           
 0
 21 Jul 16, 09:23 PM

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে পিটিয়ে জখম!

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে পিটিয়ে জখম!

নিউজ ডেস্কঃ সৈয়দপুরে কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে এক বখাটে ও তার পরিবারের সদস্যরা। তারা মারধর করতে থাকে মেয়েটির বাবা- মাকে এতে কলেজ ছাত্রীর মা-বাবা আহত হয়েছে। বাম হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত সেই মেয়ের মাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের কাজীরহাট পানির ট্যাঙ্ক এলাকায় গত ১৮ জুলাই বিকেলে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসান হাবিব অভিযোগে বিষয়টি তদন্ত করেন।

থানায় দেওয়া অভিযোগে জানা গেছে, শহরের কাজীরহাট পানির ট্যাঙ্ক এলাকার বাসিন্দা এক রিকশা চালকের মেয়ে সেই কিশোরী নীলফামারী সরকারী কলেজে দর্শন বিষয়ে অনার্সে অধ্যয়ন করছে। তাকে কলেজে যাওয়া-আসার পথে প্রায় উত্ত্যক্ত করে আসছিল প্রতিবেশী তফুর আলীর বখাটে ছেলে বাংরু(২০)। উত্ত্যক্তের শিকার মেয়ের মা ঘটনাটি সৈয়দপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ বখাটের বাবা-মাকে একাধিকবার জানান। কিন্তু তারপরও ওই বখাটের উত্ত্যক্ত করার ঘটনা বন্ধ হয়নি। বরঞ্চ আগের তুলনায় তার উত্ত্যক্তের মাত্রা আরো বেড়ে যায়।

এদিকে, পৌর কাউন্সিলরসহ অভিভাবকের কাছে অভিযোগ করায় ওই কলেজ ছাত্রী ও তার পরিবারের সদস্যদের ওপর চরম ক্ষিপ্ত হয়ে উঠে বখাটে বাংরু। ঘটনার দিন গত সোমবার (১৮ জুলাই) বিকেলে বখাটে বাংরু কলেজ ছাত্রীর ভাড়া বাড়িতে এসে কেন তার পরিবারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে তা জানতে চায় ? এ সময় কথা বলার এক পর্যায়ে বখাটে ওই কলেজ ছাত্রীর ওপর চড়াও হয়। পরে বখাটের বাবা-মা ও বড় ভাই বাবুসহ বেশ কয়েকজন লাঠি, ছোরা ও লোহার রড নিয়ে এসে তার সঙ্গে যোগ দেয়। তারা কলেজ ছাত্রীর ভাড়া বাড়ির ঘরের বেড়া, আসবাবপত্র ও রান্নার চুলা ভাংচুর করে ও মেয়ের মা বাবাকে আঘাত করে । এ সময় কলেজ ছাত্রী ও তার বড় বোনকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্ঠা করা হয়। তাদের লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিটও করা হয়। লোহার রডের আঘাতে কলেজ ছাত্রীর অসুস্থ বাবার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় ও তার মার বাম হাতের কনুই ও হাড়ে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়।

তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় হামলাকারীরা নানা রকম হুমকি-ধমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে কলেজ ছাত্রী স্থানীয়দের সহায়তায় তার আহত মা ও বাবাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুরুতর আহত কলেজ ছাত্রীর মাকে ভর্তি করা হয় এবং তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর কলেজ ছাত্রীর মা বাদী হয়ে গত মঙ্গলবার (১৯ জুলাই) রাতেই সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর পর থেকে বখাটের বাংরুর পক্ষ থেকে কলেজ ছাত্রীর পরিবারকে নানা রকম হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে জানা গেছে। বর্তমানে ওই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ঘটনার বিষয়ে সঠিক তদন্ত করে বখাটে বাংরু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন