
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে ৭ বছরের কারাদন্ডসহ অর্থদন্ড দিয়ে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক শক্তি ব্যবহার করে ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ অর্থ অর্জনের অনৈতিক আনুকূল্য নেয়ার প্রবণতা বন্ধ করতে হবে।
অর্থ পাচার মামলায় তারেক রহমানকে নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে ৭ বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকা অর্থদন্ড দিয়ে হাইকোর্ট আজ রায় ঘোষণা করে। এ মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদন্ড বহাল রাখা হয়েছে। তবে তাকে বিচারিক আদালতের দেয়া ৪০ কোটি টাকা অর্থদন্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। বিচারিক আদালতের সাজার রায়ের বিপক্ষে মামুন আপিল করেছিলেন।
আপিলে সাজা বাতিলের আবেদন জানানো হয়েছিলো। মামলাটি দায়ের থেকে পুরো বিচার প্রক্রিয়াই অনুপস্থিত ছিলেন তারেক রহমান। তিনি যুক্তরাজ্যে রয়েছেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, দেশের কল্যাণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এখন সময় এসেছে এ ধরনের রাজনৈতিক সহানুভূতি ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে হওয়া দুর্নীতি রুখে দেয়ার। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে রাজনৈতিক ঢাল ব্যবহার করে সচেতনভাবে আর্থিক অপরাধে জড়িয়েছিলেন বলে পর্যবেক্ষনে বলা হয়।
এ রায়ে বলা হয়, তারেক রহমান রাজনৈতিক উচ্চ শ্রেণির অবস্থান ব্যবহার করে তার সহযোগীর মাধ্যমে ডার্টি মানি অর্জন করেছেন। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দুর্নীতি দেশে সুশাসন, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অন্তরায়। দেশের কল্যাণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক সহানুভূতি ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে হওয়া দুর্নীতি রুখে দেয়ার এখন সময় এসেছে বলে পর্যবেক্ষণে বলা হয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করার কারণে কিভাবে দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে। এ আইনজীবী জানান, রায়ে প্রমাণিত হলো আইনের উর্ধ্বে কেউ নয়- সে যেই হোক। তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদক ২০১৩ সালের ৫ই ডিসেম্বর আপিলের আবেদন করে। শুনানি শেষে ২০১৪ সালের ১৯শে জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করে আসামি তারেককে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।
আদালতের আদেশে তারেক রহমানকে আত্মসমর্পণ ও আপিলের বিষয়ে অবহিত করতে গত ২০ ও ২১শে জানুয়ারি ২টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। চার্জশিটে থাকা ২ ঠিকানায় (লন্ডন ও ঢাকা) সমনের নোটিসও পাঠিয়েছে বিচারিক আদালত। ঢাকা ক্যান্টনমেন্ট থানায় ২০০৯ সালের ২৬শে অক্টোবর এ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনষ্ট্রাকশনস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ নেন মামুন।
২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে ‘বিভিন্ন পন্থায়’ ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের অ্যাকাউন্টে পাচার করা হয়, যার মধ্যে ৩ কোটি ৭৮ লাখ টাকা তারেক খরচ করেন বলে অভিযোগপত্রে বলা হয়। ২০১১ সালের ৮ই আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০১১ সালের ১১ই সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাটিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
২০১৩ সালের ১৭ই নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় ৭ বছরের কারাদন্ড দেয় ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। রায়ে কারাদন্ডের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ই ডিসেম্বর আপিল করে দুদক।