News71.com
 Bangladesh
 21 Jul 16, 12:29 PM
 369           
 0
 21 Jul 16, 12:29 PM

অর্থপাচার মামলায় তারেক জিয়ার বন্ধু মামুনের ৭ বছরের সাজা বহাল

অর্থপাচার মামলায় তারেক জিয়ার বন্ধু মামুনের ৭ বছরের সাজা বহাল

নিউজ ডেস্কঃ  অর্থপাচার মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডের সাজা বহাল ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এর আগে এই মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।

পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত।

এর মধ্যে নিম্ন আদালতে দেওয়া সাজার বিরুদ্ধে গিয়াস উদ্দিন আল মামুনের করা আপিল শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন হাইকোর্টের একই বেঞ্চ। এই মামলায় দুদকের পক্ষে আপিল শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তবে পলাতক থাকায় তারেক রহমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর আপিল করে দুদক। ২০১৪ সালের ১৯ জানুয়ারি এ আপিল শুনানির জন্য গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমপর্ণের আদেশ দেন হাইকোর্ট। তার লন্ডনের ঠিাকায় সমন পাঠানোর পরও তিনি আত্মসমর্পণ করেননি। তাই তারেককে পলাতক রেখেই চলতি বছর ৪ মে আদালত এই মামলার আপিল শুনানি শুরু করে। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। ২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত।

অভিযোগে রয়েছে, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন। এ টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন