
নিউজ ডেস্কঃ মালেশিয়ার রাষ্ট্রায়ত্ব কম্পানির সঙ্গে একটি ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যৌথ মূলধনী কম্পানি গঠনে চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
কক্সবাজারের মহেশখালিতে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হবে। জাপান এবং চীনের পর মহেশখালিতে বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মালেশিয়ার সঙ্গেও চুক্তি করল সরকার। মালয়েশিয়ার পুত্রজায়ায় পিডিবি এবং মালেশিয়ার তেনেগা ন্যাশনাল বারহেড পাওয়ারটেক এনার্জির সঙ্গে চুক্তিটি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে বিপিডিবির চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়া এবং তেনেগার পক্ষে এর প্রেসিডেন্ট দাতুক সেরি ইর আজমান মোহঃ এবং পাওয়ারটেকের পক্ষে এর পরিচালক দাতু মার্ক উইলিয়াম লিং লী মেং স্বাক্ষর করেন ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যুতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় বাংলাদেশ। উন্নত প্রযুক্তির সহায়তা নিয়ে বিদ্যুৎ উৎপাদনে সাশ্রয় ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের দৃষ্টান্তগুলো আমরা অনুসরণ করতে পারি ।
প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে কয়েকটি কেন্দ্রে ৯২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে মালয়েশিয়ার প্রতিষ্ঠান পাওয়ারটেক কাজ করছে। মহেশখালীতে ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের আগামী দিনের বিদ্যুৎ চাহিদা পূরণে কার্যকরি অবদান রাখবে। এ সময় তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাংলাদেশের জনগণের সাথে মালয়েশিয়ার জনগণের ভ্রাতৃপ্রতীম সম্পর্ক আরো জোরদার হবে ।
এর আগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বিষয়ে গত ২০১৪ সালের ২২শে সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ও মালয়েশিয়ার সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। প্রস্তাবিত প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছে। যৌথ মূলধনী কম্পানি গঠনের মাধ্যমে গঠন করা হবে; যারা প্রকল্পের কারিগরী উপদষ্টো নিয়োগ; আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে নির্মাতা ঠিকাদার নিয়োগ; ভুমি ও অবাঠামো উন্নয়ন; প্রকল্পের জ্বালানি হিসেবে কয়লা ক্রয়, পরিবহন ও সরবরাহ নেওয়া; আন্তর্জাতিক ঋণদানকারী ব্যাংক হতে প্রকল্পের ঋণ অংশের অর্থায়নের কাজ যৌথভাবে করা হবে ।
এ ধরনের প্রকল্পর মধ্যে ভারত-বাংলাদেশ রামপাল প্রকল্প এবং চীন-বাংলাদেশ পায়রা প্রকল্পর নির্মাণ কাজ শুরুর পর্যায়ে রয়েছে। এদিকে বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাক সঙ্গে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ।
প্রতিমন্ত্রী সফলভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেওয়ার জন্য তাঁকে অনুরোধও করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেন, মালয়েশিয়া বাংলাদেশে ১১ বিলিয়ন মালয়েশিয়ার রিঙ্গিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করলেও বাংলাদেশে আরো বিনিয়োগের সুযোগ রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে তাঁর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের টেক্সটাইল পণ্য, ঔষধ, সব্জি, ও সামুদ্রিক মাছ আরো আমদানির জন্য তাঁকে অনুরোধ জানান ।
অপরদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ভ্রাতৃপ্রতীম দু-দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, বিপিডিবির চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়া ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন ।