News71.com
 Bangladesh
 20 Jul 16, 08:44 PM
 375           
 0
 20 Jul 16, 08:44 PM

ব্যাংকগুলোকে আরো সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকগুলোকে আরো সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্কঃ  ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে কোনো ব্যক্তি বা সংগঠন যাতে দেশের ভেতর এবং বাইরে থেকে জঙ্গি সংগঠন বা জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে না পারে সে লক্ষ্যে ব্যাংকগুলোকে আরো সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক নিয়মিত সভায় বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে এ নিয়ে মতবিনিময় করে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সম্প্রতি মাত্র কয়েক দিনের ব্যবধানে পরপর দুটি জঙ্গি হামলা ঘটে গেল।

এসব হামলায় কারা অর্থের জোগান দিচ্ছে তা খুঁজে বের করতে চেষ্টা করছে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো। ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে যাতে জঙ্গি অর্থায়ন করার সুযোগ না দেওয়া হয় সেই লক্ষ্যে বরাবরই ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে আসছে বিএফআইইউ।

গতকাল ২৮টি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ক্যামেলকো) সঙ্গে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাণিজ্যিক ব্যাংকের প্রতিরোধব্যবস্থা জোরদার করার বিষয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এক সভা করে বিএফআইইউ। আজ বুধবার বাকি ২৮টি ব্যাংকের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করছেন ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজি হাসান।

দুই দিনব্যাপী এই সভার আলোচনার বিষয় নিয়ে আজ গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে জানিয়েছেন বিএফআইইউর ঊর্ধ্বতন এক কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময় পরপর বিএফআইইউ বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বসে। ব্যাংকগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করে।’ বর্তমান প্রেক্ষাপটে জঙ্গি অর্থায়ন নিয়ে ব্যাংকগুলোকে বিশেষ কোনো নির্দেশনা বা পরামর্শ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে শুভঙ্কর সাহা বলেন, ‘বিএফআইইউ থেকে এটি আমাকে এখনো জানানো হয়নি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন