
নিউজ ডেস্ক: নাটোরে বড়াইগ্রামের ইসলামপুর গুনাইহাটি সিনিয়র মাদ্রাসার ১ জন ছাত্রীকে শ্লীলতাহানী ও মারপিটের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি। আজ বুধবার সকালে ম্যানেজিং কমিটি জরুরি অধিবেশন ডেকে উভয়পক্ষের শুনানি গ্রহণ করে এই সিদ্ধান্ত নেয়।
আর এর আগে গত সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া নির্যাতিত ছাত্রীর বাবা নজরুল ইসলাম ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, আজ সকালে ম্যানেজিং কমিটির জরুরি অধিবেশন শেষে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর অভিযোগ তদন্তের জন্য ম্যানেজিং কমিটির সদস্য সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মাস্টারকে প্রধান করে ৩ জন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অসুস্থ ছাত্রীর চিকিৎসার খরচ বাবদ ঐ শিক্ষককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষী শিক্ষকের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে শিক্ষক আলমগীর হোসেন বলেন, তিনি ঐ ছাত্রীকে মারপিট করেছেন, এজন্য তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু শ্লীলতাহানির কোন ঘটনা ঘটেনি। গত ১৬ জুলাই পড়া না করে আসার অজুহাতে ইংরেজি বিষয়ের শিক্ষক আলমগীর হোসেন ঐ ছাত্রীকে মারপিট ও শারীরিকভাবে শ্লীলতাহানি করে।