
নিউজ ডেস্ক: ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়মুখী সকল শাটল ও ডেমু ট্রেন। তাছাড়া পদবঞ্চিতদের হামলায় ষোলশহর স্টেশনে ১ জন পুলিশসহ কয়েকজন আহত হন। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। আবার অন্যদিকে, কমিটি স্থগিত হওয়ার বিষয়টিও গুজব বলে জানায় সংগঠনটি।
শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ও কর্মকর্তাদের বাস নগরে আসতে পারেনি। আর একই সঙ্গে নগর ও ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের আন্দোলনে চরম বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়মুখী সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।
জানা গেছে, আজ সকালে নগরীর ঝাউতলা স্টেশনে ট্রেন আটকে শাটল ট্রেনের চালককে ধরে নিয়ে যায় পদবঞ্চিতরা। পরে পুলিশসহ অন্যান্য চালকেরা শাটলের চালককে উদ্ধার করে। এরপর ট্রেনটি ষোলশহর স্টেশনের অদূরে বন গবেষণাগার এলাকায় পৌঁছালে আবারো ট্রেন অবরোধের চেষ্টা করে পদবঞ্চিতরা। তখন এই সময় তারা ট্রেন থামাতে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। এই সব বিক্ষুব্ধ কর্মীদের থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। কিন্তু সেটাতেও কাজ না হওয়ায় ট্রেনটি পুনরায় ষোলশহর স্টেশনে ফিরে যায়। তখন পদবঞ্চিতদের হামলায় ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শ (এসআই) জাকির হোসেন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ষোলশহর পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক মো. হারুন বলেন, শাটল ট্রেন থামাতে ছাত্রলীগের একদল কর্মী ইট-পাথর নিক্ষেপ করলে এসআই জাকির হোসেন আহত হন।
ষোলশহর রেল স্টেশনের ম্যানেজার সাহাবুদ্দিন বলেন, সকালে ছাত্রলীগের একদল কর্মী এক চালককে ধরে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করার পর ট্রেন চলাচল শুরু করলে বিক্ষুব্ধ কর্মীরা আবারো ট্রেন থামাতে হামলা চালায়। এজন্য কোনো ট্রেন বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি।
ছাত্রলীগ চবি সূত্র থেকে জানা যায়, আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখার কমিটি স্থগিত করা হয়েছে বলে গুজব ওঠে। কিন্তু এটি কেবলই গুজব বলে জানায় সংগঠেনের শীর্ষ নেতা। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, এই কমিটি স্থগিত করা হয়নি। সৃষ্ট ঘটনা সমাধানে চবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদককে ডাকা হয়েছে। আন্দোলন কারীদেরও ডাকা হবে।
প্রসঙ্গত, গত সোমবার সকালে ছাত্রলীগ চবি শাখার ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। আর ওইদিন দুপুর থেকেই পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা আন্দোলনে নামে।